দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক দম্পতি এবং বাড়ির পরিচারিকার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে দিল্লিতে। পুলিশ জানিয়েছে দিল্লির বসন্ত বিহার এলাকায় থাকতেন ওই দম্পতি। বিষ্ণু কুমার (৮০) এবং তাঁর স্ত্রী শশী মাথুর (৭৫)। তাঁরা দু'জনেই অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক ছিলেন। সারাক্ষণের দেখভাল করার জন্য বাড়িতে থাকতেন একজন পরিচারিকা। পুলিশ জানিয়েছে, তাঁর নাম খুশবু নুটিয়াল (২৪)। এই তিনজনেরই গলা কাটা দেহ উদ্ধার হয়েছে রবিবার। ফের খোদ রাজধানী শহরে বয়স্কদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
প্রতিবেশীরা জানিয়েছেন, বন্ধই ছিল বাড়ির দরজা। কিন্তু রবিবার বেলা গড়াতেই দরজার তলা থেকে রক্ত বেরতে দেখেন তাঁরা। মারাত্মক কিছু ঘটেছে সন্দেহ করে পুলিশে খবর দেন প্রতিবেশীরাই। এরপর পুলিশ এস এদরজা ভেঙে তিনজনের গলা কাটা দেহ উদ্ধার করেছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দেবেন্দ্র আর্য জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত চুরি-ডাকাতির জন্যই এ ভাবে গলা কেটে খুন করা হয়েছে ওই বৃদ্ধ দম্পতি এবং তাঁদের পরিচারিকাকে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে এই তিনজনের, এমনটাই জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই এই দম্পতির সন্তান একটি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁদের মেয়েও থাকেন অন্য জায়গায়। তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, কেউ কিছু সন্দেহজনক দেখেছেন কি না সে ব্যাপারে প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই পরিবারের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তিনজনের দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে। তবে খুনের মোটিভের ব্যাপারে এখনও কিনারা করতে পারেনি পুলিশ। আততায়ী ওই পরিবারের পরিচিত কেউ কি না সে ব্যাপারেও খোঁজ চালাচ্ছে পুলিশ।