দ্য ওয়াল ব্যুরো: ফের অ্যাসিড হামলার মতো নৃশংস ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। একটি ছোট্ট গণ্ডগোলের জেরে এই রকমের ঘটনা ঘটতে পারে তা কেউ ভাবতেও পারেননি। এই ঘটনার পরে পুলিশে খবর দেওয়া হয়। এই অ্যাসিড হামলায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেহোর জেলায়। বৃহস্পতিবার সেখানকার একটি ফার্মে গণ্ডগোলের জেরে এই অ্যাসিড হামলা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেহোর জেলার খাইখেড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এই অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডেয়ারি ফার্মের মালিকের দুই ছেলে রাহুল ও দীপককে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সমীর যাদব জানিয়েছেন, গণ্ডগোল চলাকালীন অ্যাসিড ছোড়ে রাহুল ও দীপক।
জানা গিয়েছে, যাঁদের উপর অ্যাসিড হামলা হয়েছে, তাঁরা ওই ডেয়ারি ফার্মে কাজ করেন। লকডাউনের মধ্যে টাকা পয়সা নিয়ে সমস্যা হয়। বেশ কয়েক মাসের টাকা তাঁরা পাননি। তাই তাঁরা ফার্মে গিয়ে বকেয়া টাকা চান। তখনই ফার্মের মালিকের দুই ছেলের সঙ্গে তাঁদের গণ্ডগোল শুরু হয়। তারপরেই সেখানে রাখা অ্যাসিড তুলে ছোড়ে রাহুল ও দীপক। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকিরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে রাহুল ও দীপককে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে এই অ্যাসিড হামলায় অন্তত আট জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছ’জনকে সঙ্গে সঙ্গে ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। প্রত্যেকেরই হাত ও মুখ অ্যাসিডের জেরে পুড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অ্যাসিড ছুড়তে গিয়ে আহত হয়েছে রাহুল ও দীপকও। তাদেরও হাতের কিছুটা পুড়ে গিয়েছে বলে খবর। ডেয়ারি ফার্মে দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ মাপার জন্য ওই অ্যাসিড ব্যবহার করা হয়। সেই অ্যাসিড দিয়েই হামলা হয়।
রাহুল ও দীপকের বিরুদ্ধে আইপিসি ৩২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।