দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের দেহরাদুনে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আর তাই এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড পুলিশ সিদ্ধান্ত নিয়েছে বাইরের রাজ্য থেকে আসা পর্যটকদের সব গতিবিধির উপর নজর রাখতে। সেইজন্য সেখানে ঢোকার আগে সবাইকে কোভিড টেস্ট করাতে হবে, এমনটাই জানিয়েছে পুলিশ।
শনিবার দেহরাদুন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অরুণ মোহন জোশী জানিয়েছেন, “সীমান্ত এলাকাগুলিতে যে পুলিশরা দায়িত্বে রয়েছেন তাঁদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে চেকিং বাড়ানোর। বাইরে থেকে যাঁরা ঢুকছেন তাঁদের প্রত্যেকের সম্বন্ধে সব তথ্য লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রশাসনের সূত্রে জানানো হয়েছে, বাইরের রাজ্য বিশেষ করে দিল্লি থেকে যাঁরা আসছেন তাঁদের আশক্রোদি, কুলহান ও পাস গেট সীমান্তে ভাল করে পরীক্ষা করে দেখা হবে। তারপরে প্রত্যেকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখা হবে। তার রিপোর্ট আসার পরেই সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হবে।
শুধু তাই নয়, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে রবিবার থেকে ফের সপ্তাহব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বাজার এলাকায় বেশিরভাগ দোকান বন্ধ রাখা হবে। সংক্রমণ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন।
এই মুহূর্তে এই পাহাড়ি রাজ্যে ৪৮১২ অ্যাকটিভ রোগী রয়েছে। ইতিমধ্যেই অবশ্য ৬৭ হাজার ৫১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু গত কয়েক দিন ধরে দেহরাদুনে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।