দ্য ওয়াল ব্যুরো: কেরল, কর্ণাটক, দিল্লি ও জম্মু-কাশ্মীরে আগেই বন্ধ হয়ে গিয়েছিল সিনেমা হল। এবার সেই তালিকায় যোগ হল মহারাষ্ট্রের পাঁচ শহরও। মুম্বই, পুনে, নবি মুম্বই, নাগপুর ও পিম্প্রি চিঞ্চওয়াদ এই পাঁচ শহরে সব সিনেমা হল, জিম ও সুইমিং পুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। অনির্দিষ্টকালের জন্য এগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুক্রবার জানিয়েছেন, এদিন রাত ১২টার পর থেকে এই সিদ্ধান্ত বলবত হবে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এগুলি বন্ধ রাখা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যেখানে সম্ভব সেখানে কোম্পানিগুলি যেন তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়।
ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮১। তার মধ্যে মহারাষ্ট্রে এই সংখ্যাটা ১৪। পুনে ও পিম্প্রি চিঞ্চওয়াদের স্কুলগুলিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সূচি অনুযায়ীই দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগেই মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপারকিংসের মধ্যে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি এই মুহূর্তে বন্ধ থাকবে। তারপরে শুক্রবার অবশ্য বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে আইপিএল স্থগিত রাখা হচ্ছে। ২৯ মার্চের জায়গায় ১৫ এপ্রিল থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
এর আগে জম্মু-কাশ্মীরের তরফে জানানো হয়েছিল শপিং মল, জিম, সুইমিং পুল ও বিনোদন ক্লাবগুলি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। কর্ণাটক সরকারও জানিয়ে দিয়েছে, সব শপিং মল, সিনেমা হল, পাব ও নাইট ক্লাবগুলি এই মুহূর্তে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। এবার সেই তালিকায় মহারাষ্ট্রের পাঁচ শহরও যোগ হল।