দ্য ওয়াল ব্যুরো: অগস্টের শুরুতেই দিল্লিবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বার থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন কেজরিওয়াল। শুধু তাই নয়, ২০০ ইউনিটের বেশি অর্থাৎ ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। বাকি ভর্তুকি সরকার দেবে বলে জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলন করে দিল্লির মুখ্যমন্ত্রী এ দিন ঘোষণা করেন, "আজ থেকে দেশের সবথেকে সস্তা বিদ্যুৎ দিল্লির। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে আম আদমির সুবিধা হবে। ফ্রি লাইফলাইন ইলেক্ট্রিসিটি প্রকল্পের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" কেজরিওয়াল আরও প্রশ্ন তোলেন, "এ বার আর কেউ বলতে পারবে না, ভিআইপি ও রাজনোইতিক নেতারা সব সুবিধা পান। সাধারণ মানুষকে কেন বঞ্চিত করা হবে? আমি কি এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি? কী বলছেন দিল্লির মানুষ?"
সরকারের তরফে জানানো হয়েছে, "এর ফলে রাজধানীর প্রায় ৩৩ শতাংশ মানুষ উপকৃত হবেন। এই সব মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আর শীতকালে দিল্লির প্রায় ৭০ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন।" কেজরিওয়ালের ডেপুটি মনীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন, "ভালো শিক্ষা, স্বাস্থ্য যেমন দরকার, তেমনই মানুষের জন্য দরকার বিদ্যুতের সুবিধাও। এই সিদ্ধান্তের ফলে দিল্লির লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।"