দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনের মধ্যেই নতুন ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। জানিয়ে দেওয়া হল, কাউকে আর রেশন আনতে দোকানে লাইন দিতে হবে না। ভলান্টিয়াররা প্রত্যেকের বাড়িতে গিয়ে বিনামূল্যে রেশন দিয়ে আসবেন। সেইসঙ্গে এই পরিস্থিতিতে প্রত্যেক রেশন কার্ড থাকা পরিবারকে ভাতাও দেবে সরকার।
অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার সদস্য কোদালি শ্রীভেঙ্কটেশ্বর রাও সাংবাদিকদের বুধবার একথা জানিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ঘোষণা করেছেন, এই পরিস্থিতিতে কাউকে রেশন দোকানে এসে রেশন নিতে হবে না। কারণ অন্ধ্রে প্রতিটি রেশন দোকানে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন তুলতে হয়। এই পরিস্থিতিতে সেটা করা যাবে না। তাই এই সিদ্ধান্ত।
মন্ত্রী আরও বলেন, ২৯ মার্চ সবার বাড়িতে গিয়ে তাঁর বরাদ্দ রেশন পৌঁছে দেবেন ভলান্টিয়াররা। চালের সঙ্গে আলাদা করে ১ কেজি করে ডালও দেওয়া হবে সবাইকে। ২৯ তারিখই এপ্রিল মাসের বরাদ্দ রেশন পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২২ মার্চ এই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, লকডাউনের মধ্যে প্রত্যেক রেশন কার্ড থাকা পরিবারকে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই টাকায় এই মুহূর্তে তাঁদের কিছুটা উপকার হবে বলেই মনে করেন তিনি।
জানা গিয়েছে, ৪ এপ্রিল সব রেশন কার্ড থাকা ব্যক্তির বাড়িতে গিয়ে এই টাকা তুলে দেবেন ভলান্টিয়াররা। মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করেছেন এই পরিস্থিতিতে বাড়িতেই থাকতে। সেইসঙ্গে সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে অন্ধ্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮। এই সংখ্যা যাতে আর না বাড়ে তার জন্য বদ্ধপরিকর সরকার। আর তাই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়েছে সরকার।