দ্য ওয়াল ব্যুরো: সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাজের দিনে অফিসে আসতেই হবে। এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি হয়েছে।
দেশে কোভিড সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদিও নির্দেশিকায় বলা হয়েছে কনটেইনমেন্ট জোনে যেসব অফিসার বা কর্মচারীরা রয়েছেন তাঁদের এই মুহূর্তে অফিসে আসতে হবে না। কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে বাদ পড়ার পরেই অফিসে আসবেন তাঁরা।
মার্চ মাস থেকে কোভিড সংক্রমণ শুরু হওয়ার পরে জানানো হয়, শুধুমাত্র সচিব বা তার উপরের পদের আধিকারিকদেরই অফিসে আসতে হবে। মে মাসে একটি নির্দেশিকা জারি করে ডেপুটি সেক্রেটারি পদ মর্যাদার নীচে থাকা আধিকারিকদের ৫০ শতাংশ করে অফিসে আসার নির্দেশ দেওয়া হয়। বাকিদের সবাইকে এতদিন বাড়ি থেকেই কাজ করতে হয়েছে। যদিও এবার সবাইকে অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রের অধীনে থাকা সব দফতরে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “সমস্ত সরকারি কর্মচারীদের প্রত্যেককে কাজের দিনে অফিসে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে বায়োমেট্রিক হাজিরা হবে না। সই করেই সবাইকে নিজের হাজিরা দিতে হবে।”
সবাইকে অফিসে আসার নির্দেশ দেওয়া হলেও মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশই দিয়েছে কেন্দ্র। খুব দরকার না পড়লে সবাই মিলে মিটিংয়ের দরকার নেই বলেই জানানো হয়েছে।
আরও একটি নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে, সমস্ত দফতরের ক্যান্টিনও খোলা হতে পারে। তবে সেটা সব ধরনের কোভিড বিধি মেনেই করা হবে বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়।