দ্য ওয়াল ব্যুরো: চুরি করেছেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। তাও আবার ডিউটিতে থাকার সময়েও। অস্ট্রেলিয়া বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি (শুল্ক দিয়ে হয় না যে দোকানে) শপ থেকে বেমালুম না বলে জিনিস তুলে নিয়েছিলেন ওই পাইলট। ঘটনাটি ঘটেছে শনিবার। গোটা ব্যাপারটা নজরে আসতেই এয়ার ইন্ডিয়ার ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অস্ট্রেলিয়ার রিজিওনাল ম্যানেজার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রবিবারই ওই পাইলটকে সাসপেন্ড করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার তরফে তাঁদের মুখপাত্র ধনঞ্জয় কুমার জানিয়েছেন, রিজিওনাল ডিরেক্টর হিসেবে কাজ করতেন এয়ার ইন্ডিয়ার ওই পাইলট। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে সিডনি এয়ারপোর্টের একটি ডিউটি ফ্রি শপ থেকে না বলে একটি ওয়ালেট (মানিব্যাগ) তুলে নিয়েছেন ওই পাইলট। ইতিমধ্যেই ওই পাইলটের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। গঠন করা হয়েছে একটি কমিটি। এ ছাড়াও সাসপেন্ড থাকাকালীন তিনি কোনও বেতন পাবেন না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই সাসপেনশনের চিঠি পাঠানো হয়েছে অভিযুক্ত পাইলটকে। সেখানে বলা হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি না নিয়ে তিনি এয়ার ইন্ডিয়া লিমিটেডের অফিস চত্বরেও ঢুকতে পারবেন না। নিজের আই কার্ড ফেরত দেওয়ার জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত পাইলট রোহিত ভাসিনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।