দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রবিবার সেই উপলক্ষ্যে ভারত-মার্কিন বন্ধুত্বের এক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বিখ্যাত ছবি বাহুবলীর কিছু দৃশ্য টুইট করলেন ট্রাম্প। সেখানে প্রভাস অর্থাৎ বাহুবলীর ভূমিকায় দেখা গেল ট্রাম্পকে। অন্যদিকে রম্যা কৃষ্ণণ অর্থাৎ শিবগামী দেবীর ভূমিকায় দেখা গেল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। এই ভিডিওতে দেখা মিলল ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
বাহুবলী ছবির বিভিন্ন দৃশ্যকে নিয়ে এই ভিডিওটি বানিয়েছেন অন্য কোনও এক টুইটার ইউজার। সেই ভিডিওটি শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেখা যাচ্ছে, কখনও শত্রুপক্ষের সঙ্গে লড়াই করছেন তিনি। কখনও আবার শিবগামী দেবীকে নিয়ে ঘোড়ার গাড়ি চালাচ্ছেন। কখনও তাঁর কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন। কিছু দৃশ্যে ইভাঙ্কা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেও দেখা গিয়েছে। একটি দৃশ্যে কিছুক্ষণের জন্য নরেন্দ্র মোদীকেও দেখা গিয়েছে। এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ভারতে আমার খুব ভাল বন্ধুদের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি।"
https://twitter.com/realDonaldTrump/status/1231345462793441280?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1231345462793441280&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fus-president-donald-trump-shares-video-of-himself-as-baahubali-ahead-of-india-visit-2184274
তবে শুধু এই প্রথম নয়, এর আগে শুক্রবার আয়ুষ্মান খুরানার ছবি 'শুভ মঙ্গল জাদা সাবধান'-এর ট্রেলর পোস্ট করেও টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। লিখেছিলেন, "দারুণ।"
ট্রাম্পের এই টুইট ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয়দের বেশিরভাগই এই ভিডিওকে নিয়ে মজা শুরু করেছেন। কারণ, ভিডিওতে নিজেকে অমরেন্দ্র বাহুবলীর ভূমিকায় দেখালেও স্ত্রী মেলানিয়াকে তিনি দেখিয়েছেন শিবগামী দেবীর চরিত্রে। অথচ ছবির গল্পে শিবগামী দেবী অমরেন্দ্র বাহুবলীর জেঠিমা। তাহলে মেলানিয়া মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কে কী হলেন, তাই নিয়ে মস্করা শুরু করেছেন নেটিজেনরা। কেউ আবার বলছেন, গল্প না জেনে অন্যের মুখে নিজেদের মুখ বসালে এরকমই হয়। ভিডিওর শেষদিকে আবার শিবগামী দেবীর ভূমিকায় অন্য এক মুখও রয়েছে। অর্থাৎ একই চরিত্রে দু'রকমের মুখ। নরেন্দ্র মোদীর মুখ বসানো হয়েছে ছবিতে শিবগামী দেবীর স্বামীর মুখে। সব মিলিয়ে ট্রাম্পকে নিয়ে সাংঘাতিক মজা করা শুরু করেছেন নেটিজেনরা।