দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দায় বেশ পরিচিত নাম সংযুক্তা হেগড়ে। রোডিজ, স্প্লিটসভিলা, কন্নড় বিগবসে যথেষ্ট নজর কেড়েছেন তরুণ প্রজন্মের। কন্নড় ছবিতে অভিনয়ও করেছেন। এই সংযুক্তা পার্কে তাঁর আরও দুই বন্ধুর সঙ্গে নাকি শরীরচর্চা করছিলেন। পরনে ছিল স্পোর্টস ব্রা। আর তখনই নাকি কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি ও তাঁর দলবল তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ। সংযুক্তার এক বন্ধুকে নাকি মারধরও করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর আগারা লেকে। এই ঘটনার সময় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লাইভ স্ট্রিমিং করেন সংযুক্তা। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁদের পোশাকের জন্য তাঁদের হেনস্থা করেছেন ওই কংগ্রেস নেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে কবিতা রেড্ডি সংযুক্তার এক বন্ধুর দিকে তেড়েও যাচ্ছেন।
পরে টুইটারেও এই ঘটনার ভিডিও শেয়ার করেন সংযুক্তা। সেখানে তিনি লেখেন, “আমরা আজ কী করছি, তার উপরেই আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করে। আগারা লেকে আমাদের হেনস্থা ও মারধর করেছেন কবিতা রেড্ডি। এই ঘটনার অনেক সাক্ষী ছিল। অনেক ভিডিও রয়েছে। তাই আমি বেঙ্গালুরু পুলিশকে এই ঘটনায় নজর দেওয়ার আবেদন করছি।”
https://twitter.com/SamyukthaHegde/status/1301951856298475520?s=19
সংবাদমাধ্যমের সামনেও সংযুক্তা বলেন, “আমরা তিনজন পার্কে শরীরচর্চা করছিলাম। এমন সময় হঠাৎই কবিতা রেড্ডি এসে আমাদের হেনস্থা শুরু করেন। তিনি বলতে থাকেন আমাদের পোশাক খারাপ। শরীরচর্চার জায়গায় নাকি আমরা ক্যাবারে করছি।” তিনি আরও অভিযোগ করেন, সেখানে অনেকেই ছিলেন। কেউ তাঁদের সাহায্য করেননি। এমনকি পুলিশও নাকি কবিতা রেড্ডির সঙ্গে কথা বলে তাঁদেরই পার্ক থেকে বেরিয়ে যেতে বলেন।
সংযুক্তা জানিয়েছেন, “যখন আমরা পুলিশের জন্য অপেক্ষা করছিলাম তখন পার্কে থাকা কিছু মানুষ যাঁরা ওই নেত্রীকে চিনতেন, ওনাকে সমর্থন করা শুরু করেন। নীতি পুলিশের কাজ করতে থাকেন তাঁরা। পুলিশের সামনেই নেত্রীর অন্তত ১০ জন লোক আমাদের ভয় দেখানো শুরু করে। তারা আমাদের কেরিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখায়। পুলিশ সেখানে নীরর দর্শক হয়ে দাঁড়িয়েছিল।”
অভিনেত্রীর সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কবিতা রেড্ডি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পার্কে জোরে মিউজিক চালিয়ে সংযুক্ত ও তাঁর বন্ধুরা নাচছিলেন। যখন রক্ষী তাঁদের থামতে বলেন, তাঁকে হেনস্থা করা হয়। তাই আমি তাঁদের ক্ষমা চাইতে বলেছিলাম।” তিনি আরও বলেন, সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। তিনি ভুল করলে পার্কের লোকেরা কেন তাঁকে সমর্থন করলেন।
কবিতা আরও বলেন, আমি ওদের ছবি তোলায় একজন আমাকে খারাপ ভাষায় গালাগাল দেয়। তখনই আমি রেগে গিয়ে প্রতিবাদ করি। আমাকে উস্কে দেওয়া হচ্ছিল। আমি কোনও নাম নেব না। এসব করে কিচ্ছু হবে না বলেই জানিয়েছেন তিনি।