দ্য ওয়াল ব্যুরো: ফের একবার বিধ্বংসী আগুন লাগল কোভিড হাসপাতালে। এবার গুজরাতের রাজকোটে একটি কোভিড হাসপাতালে এই আগুন লাগে। এখনও পর্যন্ত আগুনে পুুুড়ে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, রাজকোটের মাভদি এলাকায় উদয় শিবানন্দ কোভিড হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। শুক্রবার রাত ১টা নাগাদ এই আগুন লাগে। আইসিইউতে আগুন লাগার পরে ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। সঙ্গে সঙ্গে রোগীদের হাসপাতাল থেকে বের করার কাজ শুরু করে দেন কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। তাঁরাও এসে উদ্ধার কাজ শুরু করেন। ৩০ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু তার মধ্যেই পাঁচজন রোগী আগুনে পুড়ে মারা গিয়েছেন বলে খবর।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দমকলের এক আধিকারিক জানিয়েছেন, “আগুন লাগার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। আগুন নেভানোর কাজ শুরু হয়। সেইসঙ্গে ভিতরে আটকে থাকা রোগীদের বের করে আনারও কাজ শুরু হয়। কিন্তু তারমধ্যেই আইসিইউর ভিতরে থাকা পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। আমরা ৩০ জন রোগীকে উদ্ধার করেছি। কী ভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। সবটা খতিয়ে দেখা হচ্ছে।”
ওই আধিকারিক আরও জানিয়েছেন, যে ৩০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে, তাঁদের অন্য কোভিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনও মেশিন থেকে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি। এই ঘটনায় কারও গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে এটাই গুজরাতে কোভিড হাসপাতালে প্রথম আগুন লাগার ঘটনা নয়। অগস্ট মাসে আহমেদাবাদে একটি চারতলা বেসরকারি কোভিড হাসপাতালের উপরের তলায় আগুন লাগে। আগুনে পুড়ে ৮জন কোভিড রোগীর মৃত্যু হয়। ফের একই ধরনের ঘটনায় হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছে বিরোধী দলগুলি।