দুই ট্রাক ড্রাইভারের থেকে ৩৯ জন সংক্রামিত বিজয়ওয়াড়ায়, চিন্তায় প্রশাসন
দ্য ওয়াল ব্যুরো: দু’জন ট্রাক ড্রাইভারের থেকে ৩৯ জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণ ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে। শনিবার এমনটাই জানিয়েছেন কৃষ্ণা জেলার জেলাশাসক এ মহম্মদ ইমতিয়াজ। এই ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রশাসন।
ইমতিয়াজ জানান, বিজয়ওয়াড়ার ক
শেষ আপডেট: 26 April 2020 04:57
দ্য ওয়াল ব্যুরো: দু’জন ট্রাক ড্রাইভারের থেকে ৩৯ জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণ ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে। শনিবার এমনটাই জানিয়েছেন কৃষ্ণা জেলার জেলাশাসক এ মহম্মদ ইমতিয়াজ। এই ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রশাসন।
ইমতিয়াজ জানান, বিজয়ওয়াড়ার কৃষ্ণা লঙ্কা এলাকায় এক ট্রাক ড্রাইভার লকডাউন পিরিয়ডে বিরক্ত হয়ে উঠেছিলেন। তাই সময় কাটানোর জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসেন। পুরুষরা যখন তাস খেলছিলেন, তখন মহিলারা কাছেই বসে তাম্বোলা খেলছিলেন। এই জমায়েত থেকেই অন্তত ২৪ জনের শরীরে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ে।
জেলাশাসক আরও জানিয়েছেন, অন্য একটি ঘটনায় কর্মিকা নগর এলাকায় এক ট্রাক ড্রাইভার প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে যান। এভাবে তাঁর শরীর থেকে অন্তত ১৫ জনের শরীরে ভাইরাস ছড়ায়। গত এক সপ্তাহে এই দুটি ঘটনায় শহরে করোনা সংক্রামিত হয়েছেন অন্তত ৩৯ জন।
লকডাউনের মধ্যে এই ঘটনা ঘটায় চিন্তিত স্থানীয় প্রশাসন। তাদের বক্তব্য, বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, জমায়েত করবেন না, তারপরেও জমায়েত হচ্ছে। রাস্তায় জমায়েত করলে প্রশাসন সেটা থামাতে পারে, কিন্তু বাড়ির মধ্যে জমায়েত করলে প্রশাসনের পক্ষে তা সামাল দেওয়া মুশকিল বলেই অভিযোগ তাদের।
অন্ধ্রপ্রদেশের করোনা হটস্পট হয়ে উঠেছে বিজয়ওয়াড়া। এই শহরে এখনও পর্যন্ত ১০০ জনের বেশি কোভিড ১৯ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন আক্রান্ত হয়েছেন এই শহরে।
দুই ট্রাক ড্রাইভারের এই ঘটনা প্রকাশ্যে আসার পরে জেলাশাসক ইমতিয়াজ আবার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, এই সময় লকডাউন মেনে চলতে। বাইরে না বেরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। সরকারের নির্দেশ পালন করার অনুরোধ জানিয়েছেন জেলাশাসক।