দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টহল দিচ্ছে পুলিশ। এমনই টহলরত তিন পুলিশকর্মীর উপর হামলা হল রাজস্থানের টঙ্ক জেলায়। এই ঘটনায় তিন পুলিশকর্মীই গুরুতর আহত হয়েছেন বলে খবর। আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার ঘটনাটি ঘটেছে কসাই মহল্লাতে। এই ঘটনার একটি ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী একজন ব্যক্তিকে টানতে টানতে নিয়ে আসছেন। তারপর তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন। তখন ওই ব্যক্তির পরিবারের লোক ওই পুলিশকর্মী ও তাঁর সঙ্গীদের মারধর করছে।
স্থানীয়রা জানিয়েছেন, রশিদ নামের এক ব্যক্তি এক প্যাকেট বিস্কুট কিনে নিজের বাড়িতে ঢুকছিলেন। তখন সাদা পোশাকে থাকা তিন পুলিশকর্মী তাঁকে আটকান। তারপরেই রশিদের পরিবারের লোক ওই তিনজনকে দেখে মনে করে অন্য কোনও উদ্দেশ্যে তাঁরা এসেছেন। তাই হামলা করে তারা।
পুলিশের তরফেও এই ঘটনাকে ভুল বোঝাবুঝির বলে জানানো হয়েছে। জয়পুরের ডিজিপি ভূপেন্দ্র সিং জানিয়েছেন, “পুলিশকর্মীরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। কেউ লকডাউন অমান্য করছে কিনা সেদিকে লক্ষ্য রাখছিলেন তাঁরা। কয়েকজন যুবককে রাস্তায় ঘুরতে দেখে তাদের আটকান পুলিশকর্মীরা। সাদা পোশাকে থাকায় ওই যুবকরাও চিনতে পারেনি পুলিশকর্মীদের। ফলে একটা গণ্ডগোল হয়। সেখানকার লোক পুরো ঘটনাটা অন্যভাবে নেয়।”
টঙ্ক জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিপিন শর্মা জানিয়েছেন, ভাগচন্দ, রাজেন্দ্র ও রামরাজ নামের তিন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরো সমস্যা তৈরি হয়েছে পুলিশকর্মীরা সাদা পোশাকে থাকায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের ভিডিও দেখা যাচ্ছে। লকডাউনের মধ্যে অনেক ভুয়ো ভিডিও ও গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাই ঘটনার সময় পুলিশকর্মীরা সাদা পোশাকে থাকায় পরিবারের লোকেরা বুঝতে না পেরে রশিদকে বাঁচাতে হামলা করে বলে জানিয়েছেন তাঁরা।
এই ঘটনার পরে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও বিজেপি সভাপতি সতীশ পুনিয়া তার নিন্দা করেছেন। টুইট করে শচীন পাইলট জানান, “আমি পুলিশকর্মীদের উপর এই হামলার কড়া নিন্দা করছি। যখম পুলিশকর্মীরা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তাঁদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করি।” এই ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী।