দ্য ওয়াল ব্যুরো: একা শাহিনবাগে রক্ষা নেই, জাফরাবাদ দোসর। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ এবার শাহিনবাগ থেকে ছড়াল জাফরাবাদে। শনিবার রাত থেকেই কয়েকশ মহিলা জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। সেই বিক্ষোভ রবিবারও অব্যাহত। এই মুহূর্তে বিক্ষোভকারীদের সংখ্যা প্রায় দেড় হাজার। পরিস্থিতি মোতায়েন করতে নামানো হয়েছে সেনা।
জানা গিয়েছে, এই বিক্ষোভের ফলে দিল্লির অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। জাফরাবাদ মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সেদিকে নজর রাখছে প্রশাসন। এদিকে তপশিলি জাতি, উপজাতিদের সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আজই দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। এই আন্দোলনেরও সমর্থন করছেন জাফরাবাদের প্রতিবাদীরা। ফলে দ্বিগুণ সতর্কতা নিতে হচ্ছে প্রশাসনকে।
https://twitter.com/ANI/status/1231418293195591680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1231418293195591680&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fnational%2Flike-shaheen-bagh-hundreds-started-protest-against-caa-nrc-in-delhi-s-jaffrabad-dgtl-1.1113177
নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বহুদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লির শাহিনবাগের আন্দোলন। কোনও রকমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শাহিনবাগে ৬৯ দিন ধরে বন্ধ থাকা রাস্তার একদিকের অংশ খোলা সম্ভব হয়েছে। তার মধ্যেই শনিবার রাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে কয়েকশ মহিলা জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে বসে পড়েন। পুলিশ এসে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা ওঠেননি।
সূত্রের খবর, রবিবার সকাল থেকে এই সংখ্যাটা ক্রমেই বাড়তে থাকে। সেখানে গিয়ে হাজির হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা দফায় দফায় কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে। তাঁদের বোঝানোর চেষ্টা করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আন্দোলন তাঁরা করতেই পারেন। কিন্তু তার ফলে অন্য লোকের সমস্যা করে নয়। এই আন্দোলনের ফলে মেট্রো স্টেশন বন্ধ করতে হয়েছে। বেশ কিছু রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। তাই তাঁরা যেন নিজেদের আন্দোলন ফিরিয়ে নেন। কিন্তু এখনও পর্যন্ত বিক্ষোভকারীরা অবস্থান থেকে ওঠেননি। পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশের পাশাপাশি আধাসেনাকেও মোতায়েন রাখা হয়েছে।