দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীর। গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় এক কিং কোবরা। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন। খবর দেওয়া হয়েছিল বন দফতরে। অবশেষে বন দফতরের কর্মীরা পাকড়াও করে সাপটিকে। তারপরেই স্বস্তি ফেরে গ্রামবাসীদের।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার বাইরে থোন্দামুথুর থানা এলাকার নরসিপুরম নামের একটি গ্রামে। গ্রামটি পশ্চিমঘাট পর্বতমালার ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে রয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার জীববৈচিত্র্যের কথা সবারই জানা। মাঝেমধ্যেই জঙ্গল থেকে অনেক পশু এই গ্রামে চলে আসে। কিন্তু কোবরার মতো বিষধর সাপ গ্রামের মধ্যে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম ঘটল বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।
তবে বন দফতরের কর্মীরা জানাচ্ছেন পশ্চিমঘাট পর্বতমালায় এরকম বিষধর কোবরা প্রচুর রয়েছে। অনেক সময় খাবারের অভাব হলে লোকালয়ে চলে আসে তারা। ছোট জন্তু মেরে খেয়ে নেয়। কোনও ভাবে এই সাপটিও লোকালয়ে চলে এসেছিল। বিষধর সাপের থেকে যেমন মানুষের ভয় রয়েছে, তেমনই মানুষের থেকেও বন্যপ্রাণীদের ভয় থাকে। তাই অনেক কষ্টে খুঁজে বের করতে হয়েছে সাপটিকে। একটি ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিল ১৫ ফুট লম্বা এই কিং কোবরা।
https://twitter.com/ANI/status/1281911195788697600?s=19
জানা গিয়েছে, সাপটিকে ধরে সিরুবনি জঙ্গলে নিয়ে যান বন দফতরের কর্মীরা। তারপর সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়।
কয়েক দিন আগে কোয়েম্বাটোরের কাছে আর একটি গ্রামে রাসেলস ভাইপার নামের একটি বিষধর সাপের দেখা মিলেছিল। একটি বাড়ির মধ্যে বাথরুমে ঢুকে বসেছিল সে। বাড়ির মালিক তা দেখতে পেয়েই বন দফতরে খবর দেন। কর্মীরা এসে দেখেন সেখানে দুটি ডিম পেরেছে সে। ডিম সমেত সাপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে আসেন বন দফতরের কর্মীরা।