দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবলিলায় ছত্রপতি শিবাজীর সঙ্গে তুলনা করে দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার সেই মারাঠা মুলুক থেকেই যোগীর দিকে পাল্টা তোপ দাগলেন একদা বিজেপি-র জোট সঙ্গী শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত।
বিশিষ্ট সাংবাদিক সঈদ হামিদের লেখা ‘ছত্রপতি শিবাজী মহারাজ এবং মুসলমান’ নামক বই প্রকাশ অনুষ্ঠানে সঞ্জয় বলেন, “কেউ কেউ দ্য গ্রেট মারাঠা কিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর তুলনা করছেন। তাঁদের জেনে রাখা ভাল, শিবাজী কখনও দাঙ্গার রাজনীতি করেননি।”
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর বক্তৃতায় নরেন্দ্র মোদীর সঙ্গে শিবাজীর তুলনা টানেন। এরপরই শুরু হয় বিতর্ক। শুধু এখানেই থামেননি এই শিবসেনা নেতা। কটাক্ষ ছুড়ে দেন রাফায়েল ইস্যুতেও।
বেশ কিছুদিন ধরেই বিজেপি-শিবসেনা সম্পর্কে ফাটল ধরেছে। মহারাষ্ট্রের পুরনো জোটও ভেঙেছে। সঞ্জয় রাউতের এই মন্তব্যে সেই ফাটল আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ। এমনিতেই বিজেপি-র বিরুদ্ধে প্রায় সমস্ত বিরোধী দলই সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তোলে। দাঙ্গার অভিযোগও নতুন নয়। এ বার সেই সুরেই সুর মেলালো একদা জোট শরিক শিবসেনা।