দ্য য়াল ব্যুরো: নিজেদের রাজ্যে মারণ ভাইরাস সামলে নিয়ে এবার করোনা বিপর্যস্ত মহারাষ্ট্রে চিকিৎসক ও নার্সদের দল পাঠাচ্ছে কেরল। ৫০ জন প্রশিক্ষিত বিশেষজ্ঞ ডাক্তার এবং ১০০ জন নার্স তিরুঅনন্তপুরম থেকে যাচ্ছেন মুম্বই, থানে, পুণেতে। বৃহন্মুম্বই কর্পোরেশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে মারাঠা মুলুকে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ৫০ হাজার পেরিয়ে গিয়েছে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই কেরল সরকারের তরফে মহারাষ্ট্রকে মেডিক্যাল টিম পাঠানোর ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়।
রবিবার বৃহন্মুম্বই কর্পোরেশনের পক্ষ থেকে কেরল সরকারকে একটি চিঠি দিয়ে আনুষ্ঠানিক ভাবে মেডিক্যাল টিম চাওয়া হয়েছে। এবার দক্ষিণের রাজ্য থেকে মহারাষ্ট্রে উড়ে আসবে মেডিক্যাল টিম। তবে ঠিক কবে ওই টিম কেরল থেকে মহারাষ্ট্রে পৌঁছবে তা এখনও স্পষ্ট হয়নি।
করোনা সংক্রমণ রুখতে দেশের মধ্যে নজির গড়েছে বাম শাসিত কেরল। অথচ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল এই রাজ্যেই। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চিন থেকে ফেরা এক ছাত্রের শরীরে প্রথম কোভিড সংক্রমণ মেলে। তারপর ছড়িয়ে পড়তে থাকে সংক্রমণ। কিন্তু নিজেদের রাজ্যে সেই সংক্রমণ ঠেকিয়ে দিয়েছ কেরল। অন্য রাজ্যে যে ভাবে ছড়িয়েছে কেরলে সে ভাবে সংক্রামিত হয়নি করোনাভাইরাস। মৃত্যুর হারও তুলনামূলক কম।
অনেকের বক্তব্য, মহামারী সামলানোর অতীত অভিজ্ঞতা দিয়েই করোনা যুদ্ধে সাফল্য পেয়েছে কেরল। কারণ কয়েক বছর আগেই নিপা ভাইরাস সংক্রমণ ঠেকিয়েছিল দক্ষিণের রাজ্যটি।
এর মধ্যে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে ভিন রাজ্যের নার্সদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। মূলত তাঁরা উত্তর-পূর্ব ভারতের রাজ্য থেকেই বাংলায় এসেছিলেন। মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্যগুলি সংক্রমণ ঠেকাতে বাংলায় কর্মরত প্রায় আড়াইশর বেশি নার্সকে ফিরিয়ে নিয়েছেন। সেদিক থেকে নিজেদের রাজ্যের চিকিৎসক, নার্সদের অন্য রাজ্যে পাঠানোর কেরল সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছেন অনেকে।
মহারাষ্ট্রের সংক্রমণ পৌঁছে গিয়েছে অত্যন্ত উদ্বেগজনক স্তরে। সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৩ হাজার ৯৮৮। মৃত্যু হয়েছে ১৬৩৫ জনের। এই পরিস্থিতিতে ঈশ্বরের আপন দেশ থেকে মেডিক্যাল টিম যাচ্ছে মহারাষ্ট্রে।