দ্য ওয়াল ব্যুরো: ফের পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল কলকাতায়। এক ব্যক্তির কাছ থেকে রুপোর গয়না, দামি পাথর ও মুক্তো ছিনতাই করা হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায়। পুলিশ সূত্রে খবর, বারাসতের এক গয়না ব্যবসায়ী তাঁর এক কর্মচারী লোকনাথ রাজবংশীকে কলকাতায় পাঠিয়েছিলেন রুপো কিনতে। গরানহাটা থেকে তিনি রুপোর গয়না, কিছু দামি পাথর ও মুক্তো কেনে। সেগুলি একটি ব্যাগে ভরে বি কে পাল অ্যাভিনিউর কাছে অটোতে উঠতে যান। তখনই নাকি একটা সাদা গাড়িতে করে কলকাতা পুলিশের পোশাক পরা কয়েকজন এসে তাঁকে আটকায়।
জানা গিয়েছে, তাঁরা প্রথমে লোকনাথবাবুকে জিজ্ঞাসা করেন ব্যাগে কী আছে। পুলিশের পোশাক দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন লোকনাথ। তিনি বলেন, রুপোর গয়না আছে। সেটা শুনে তাঁর কাছে কাগজ দেখতে চান পুলিশের পোশাক পরা লোকেরা। কাগজ দেখানোর আগেই তাঁকে বলা হয় থানায় যেতে হবে। এই বলে তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গাড়ি নিয়ে কিছুদূর যাওয়ার পরেই লোকনাথবাবুর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাঁকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কোনও রকমে বাড়ি ফিরে ব্যবসায়ীকে সব কথা জানান তিনি। তারপরেই ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন জোড়াবাগান থানায়।
ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ। ওই এলাকার সব সিসিটিভি ফুটেজ ও স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল সেই গাড়িটাকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। এর আগেও শহরে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। অনেক ঘটনায় পুলিশকর্মীদের যুক্ত থাকারও প্রমাণ পাওয়া গিয়েছে। এই ঘটনাতেও কোনও পুলিশকর্মী যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।