দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই চলে গেল বিদ্যুৎ পরিষেবা। হাসপাতাল জুড়ে নেমে এল অন্ধকার। তার জেরে বন্ধ হয়ে গেল অস্ত্রোপচার। হল না একাধিক পরীক্ষাও। এই ঘটনায় বিপাকে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের রোগীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ হঠাৎ করেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় এই হাসপাতালে। সঙ্গে সঙ্গে হাসপাতালের ভিতরে অন্ধকার নেমে আসে। বন্ধ হয়ে যায় আউটডোরে টিকিট দেওয়ার কাজ। সেইসঙ্গে আউটডোরে রোগী দেখাও বন্ধ হয়ে যায়।
এর সবথেকে বেশি প্রভাব পড়ে অস্ত্রোপচারের ক্ষেত্রে। সূত্রের খবর, পরপর তিনটি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের কাজ বন্ধ হয়ে যায়। হাসপাতালের ইন্ডোর সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায় চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের পরিষেবা।
জানা গিয়েছে, দু’ঘণ্টারও বেশি সময় ধরে এই হাসপাতালের সব কাজ বন্ধ হয়ে যায়। খবর দেওয়া হয় সিইএসসিকে। কর্মীরা এসে পরিস্থিতি মোকাবিলা করা শুরু করেন। অবশেষে ধাপে ধাপে বিকেলের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে হাসপাতালে।
এই ঘটনায় বিপাকে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। বিকাশ প্রসাদ নামে এক রোগীর আত্মীয় জানিয়েছেন, “দুপুর ১২টা নাগাদ আচমকাই বিদ্যুৎ চলে গেল। গোটা হাসপাতাল অন্ধকার হয়ে গেল। সব পরিষেবা এক এক করে বন্ধ হয়ে গেল। লিফটও বন্ধ হয়ে যায়। কোনও পরীক্ষাও হয়নি।” সুমন দাস নামে আর এক রোগীর আত্মীয় জানিয়েছেন, “আমাদের রোগীর কিছু পরীক্ষা করার কথা ছিল। কিন্তু আজ বিদ্যুৎ না থাকায় সেটা হয়নি। ডেট পরিবর্তন করা হল।”
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের মতো এত গুরত্বপূর্ণ হাসপাতালে এভাবে এতক্ষণ ধরে বিধ্যুত না থাকায় স্বভাবতই প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। যদিও এই ব্যাপারে কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।