
শেষ আপডেট: 26 October 2018 06:37
দ্য ওয়াল ব্যুরো: ফের অঙ্গপ্রতিস্থাপন শহরে। বেহালার পর্ণশ্রীর বাসিন্দা অমিত মুখোপাধ্যায়ের ব্রেন ডেথের পর তাঁর হার্ট, দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপিত হচ্ছে চার জনের শরীরে। এসএসকেএম হাসপাতালে চলছে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার। জানা গিয়েছে, কিডনি ছাড়া বাকি অঙ্গগুলির প্রতিস্থাপনের কাজ চলছে অ্যাপোলো হাসপাতালে।
গত ১৪ অক্টোবর উল্টোডাঙা উড়ালপুলের কাছে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন বেহালার বাসিন্দা বছর তেইশের অমিত। ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার ব্রেন ডেথ হয় তাঁর। রাতেই গ্রিন করিডরের মাধ্যমে একটি কিডনি নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। রাতেই শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ।
জানা গিয়েছে, অমিতের হার্ট প্রতিস্থাপন করা হচ্ছে অনিমা নস্করের দেহে। একটি কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার শেষ হয়েছে। ওই কিডনিটি পেয়েছেন যাদবপুরের বাসিন্দা সৈকত সাধুখাঁ। গত দেড় বছর ধরে কিডনির খোঁজ করছিলেন সৈকতের পরিবার। তাঁর মায়ের কিডনি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্টোন থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে সুরাহা মিলল। অমিতের আরেকটি কিডনি পাচ্ছেন হলদিয়ার বাসিন্দা সনতলাল যাদব। মনোজ কুমার হেলা নামের এক ব্যক্তিকে দেওয়া হচ্ছে অমিতের লিভার।