বেহালার পর্ণশ্রীতে নবদম্পতির রহস্যমৃত্যু, ভাড়াবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
দ্য ওয়াল ব্যুরো: বেহালার পর্ণশ্রীতে নবদম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃতদের নাম রাজু এবং রিঙ্কি মণ্ডল। কিছুদিন আগেই এই এলাক
শেষ আপডেট: 3 November 2020 14:55
দ্য ওয়াল ব্যুরো: বেহালার পর্ণশ্রীতে নবদম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃতদের নাম রাজু এবং রিঙ্কি মণ্ডল। কিছুদিন আগেই এই এলাকায় ভাড়া এসেছিলেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা রতন চক্রবর্তীর বাড়িতে ভাড়া আসেন আজ সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর সাড়া না মেলায় সন্দেহ হয় বাড়িওয়ালা রতন বাবুর। প্রতিবেশীরাও দরজায় ধাক্কা দিয়ে কোনও শব্দ পাননি। এরপর দরজা ভেঙে তাঁরা দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দু'জনের দেহ। প্রত্যক্ষদর্শীদের কথাতেই একটি শাড়ি দিয়েই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এই নব দম্পতি। এমন দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গেই পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। তাড়াতাড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। এর পর মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক সময় আর কারণ জানা যাবে।
পুলিশ সূত্রে খবর, আজ বেলা বারোটা নাগাদ তাদের কাছে এই ঘটনা জানিয়ে ফোন এসেছিল। কেন এই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। এটা আদৌ আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কারণ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। আত্মহত্যা করার জন্য এই দম্পতিকে কেউ প্ররোচনা দিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে বাড়িওয়ালা এবং প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
অন্যদিকে বাড়িওয়ালা রতন চক্রবর্তী পুলিশকে জানিয়েছেন যে রিঙ্কি এবং রাজুর বিয়ে মেনে নেয়নি তাঁদের পরিবার। একথা ওই দম্পতিই তাঁকে বলেছিল। দু'জনের বিয়ে নিয়ে আপত্তি ছিল দুই পরিবার থেকেই। আর সে জন্যই বিয়ের পর ভাড়া বাড়িতে চলে আসেন তাঁরা। পুলিশ জানিয়েছে, রিঙ্কির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার উস্থিতে। আর রাজু জোকা এলাকার বাসিন্দা। মৃত তরুণ, তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজু এবং রিঙ্কির কীভাবে পরিচয় হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।