শেষ আপডেট: 21 December 2019 14:54
বৃহস্পতিবার এনআরসি, সিএএ এবং এনপিআরের বিরুদ্ধে যৌথ মঞ্চের মিছিলে স্তব্ধ হয়ে গিয়েছিল মধ্য কলকাতা। মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হওয়া বিরাট মিছিল শেষ হয় নিউ মার্কেটের সামনে এসে। দলহীন ঐক্যবদ্ধ মিছিলের জমায়েত দেখে অনেকেই চমকে উঠেছিলেন। এদিনও ছাত্র মিছিলের জমায়েত ছিল চোখে পড়ার মতো। মিছিলের মুখ যখন বিজেপি রাজ্য দফতরের সামনে, তখনও মিছিলের শেষ ছিল শহিদ মিনার প্রাঙ্গণে।
কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুর, আলিয়া-সহ একাধিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এদিন জমায়েত হয়েছিল শহিদ মিনার ময়দানে। কারও হাতে মার্ক্স তো কারও হাতে আম্বেদকর বা রাজা রামমোহন রায়ের প্ল্যাকার্ড। দাবি একটাই—সংবিধান বিরোধী নাগরিকত্ব আইন বাতিল করতে হবে। এনআরসি না মানার স্লোগান ওঠে মিছিল থেকে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় এই মিছিলের ফলে আটকে পড়ে যানবাহন।
সোমবার থেকেই শহরে নাগরিকত্ব ও এনআরসি বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন মিছিল, দুই সমাবেশের পাশাপাশি মিছিল করেছে কংগ্রেস ও ১৭টি বামদল। এদিন মিছিলের পর ছাত্রদের তরফে বলা হয়েছে, আগামী সপ্তাহেও আন্দোলন চলবে। যতদিন না নাগরিকত্ব আইন প্রত্যাহার হবে, এনআরসি-র সিদ্ধান্ত বাতিল হবে—লাগাতার আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।