দ্য ওয়াল ব্যুরো: সারদা মামলার তদন্ত ফের গতি পেল। মঙ্গলবার সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় সারদা মামলার প্রথম তদন্তকারী অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে।
সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সল্টলেকের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় দেবব্রত বাবুকে। সিবিআই আধিকারিকরা তাঁর বয়ান রেকর্ড করেন। সারদা মামলার প্রথম সিজার লিস্ট মিলিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সারদা মামলার তদন্তের সময় কোন কোন নথি জোগাড় করা হয়েছে, কার কার বয়ান রেকর্ড করা হয়েছে, কোন কোন নথি নেই, যে নথি নেই তা কেন জোগাড় করা হয়নি, এসব বিষয়ে দেবব্রত বাবুকে জেরা করেন তাঁরা। যদিও বর্তমানে দেবব্রত বাবু অবসরপ্রাপ্ত, তারপরেও তাঁকে ডেকে পাঠায় সিবিআই।
এর আগে চারজন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। কিন্তু তাঁরা কেউই যাননি। সিবিআই সূত্রে খবর চলতি সপ্তাহেই তাঁরা পুলিশের একজন পদস্থ কর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ডিজিপিকে চিঠি দিতে চলেছেন, যিনি এর আগে বিধাননগর কমিশনারেটে পোস্টেড ছিলেন।
সারদা মামলার তদন্ত শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। অথচ গত চার বছরে তদন্তের গতি ছিল খুব ধীর। কিন্তু ইদানীং সিবিআইয়ের গতিপ্রকৃতিতেই ফের পরিষ্কার, যেন শীতঘুম কাটিয়ে উঠেছে এই তদন্তকারী এজেন্সি। সারদা মামলায় ৩ সেপ্টেম্বর প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিলেন সিবিআই কর্তারা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে তাঁর সঙ্গে টানা ২ ঘণ্টা কথা বলেন এজেন্সির তদন্তকারী অফিসাররা। এছাড়াও কদিন আগে শিবাজী পাঁজাকে ডেকে পাঠিয়ে প্রায় ঘণ্টা তিনেক ধরে জেরা করেছিলেন সিবিআই অফিসাররা।