চলন্ত বাইক নিয়ে ছিনতাই, সাউথ সিটির ফুটপাথে পড়ে রক্তাক্ত মহিলা, আটক ৪
দ্য ওয়াল ব্যুরো: লোকে লোকারণ্য রাস্তা। প্রিন্স আনোয়ার শাহ রোডে সাউথ সিটির সামনের ফুটপাথে হাঁটতে গেলে গায়ে গা লেগে যাওয়ার অবস্থা। আর সেখানেই চলন্ত বাইক থেকে বন্দুকের বাঁট দিয়ে মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটল শুক্রবার দুপুরে।
সাউথ সিটি মলের সামনের ফ
শেষ আপডেট: 23 November 2018 09:09
দ্য ওয়াল ব্যুরো: লোকে লোকারণ্য রাস্তা। প্রিন্স আনোয়ার শাহ রোডে সাউথ সিটির সামনের ফুটপাথে হাঁটতে গেলে গায়ে গা লেগে যাওয়ার অবস্থা। আর সেখানেই চলন্ত বাইক থেকে বন্দুকের বাঁট দিয়ে মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটল শুক্রবার দুপুরে।
সাউথ সিটি মলের সামনের ফুটপাথ ধরে হাঁটছিলেন এক দম্পতি। অভিযোগ, একটি বাইকে দুই যুবক এসে মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। মাথায় আঘাত করা হয় বন্দুকের বাঁট দিয়েও। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ ফুটপাথেই পড়ে থাকেন মহিলা। পরে তাঁকে ভর্তি করা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। অভিযোগ দায়ের করা হয় যাদবপুর থানায়।
থানায় অভিযোগ জানানোর পরই সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। বেলা একটা নাগাদ গলফগ্রিন থেকে মোটর বাইক-সহ দুই যুবককে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যাগ, মোবাইল এবং একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছে ওই দুই যুবক। ছিনতাই করতে নানান পদ্ধতি নিত এরা। জানা গিয়েছে, কখনও পথচলতি মানুষের গায়ে প্লাস্টিকের সাপ ছুড়ে দিয়ে কখনও বা সরাসরি আঘাত করে ছিনতাই চালাত শহরের বিভিন্ন অংশে। এই দুই যুবককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দু’জনকে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, শহরে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। কয়েক মাস আগে রেল স্টেশনগুলিতে ছিনতাই এমন জায়গায় পৌঁছেছিল যে, শিয়ালদহ মেইন শাখার নিত্যযাত্রীদের সংগঠন বিক্ষোভ দেখিয়েছিল শিয়ালদহ স্টেশনে। তার পরে রেল স্টেশনে ছিনতাই বন্ধ হলেও তা নেমে আসে রাস্তায়। মাস তিনেক আগে ভর সন্ধে বেলা কলেজ স্ট্রিট মোড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ব্যাগ, মোবাইল ছিনতাই হয়েছিল।
দিনে দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নাগরিকদের নিরাপত্তা নিয়ে। কোনও ঘুপচি গলি নয়। একেবারে রাজপথে এমন ঘটনা গত কয়েক মাসে কলকাতায় একাধিকবার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ছিনতাই চক্র কতটা বিস্তৃত, তারই মূলে পৌঁছতে চাইছে পুলিশ। আহত মহিলা চেতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।