
শেষ আপডেট: 22 January 2019 11:08
গত ১৩ জানুয়ারি সন্ধে বেলা নীলরতন সরকার মেডিক্যাল কলেজের উঠোনে একটি পরিত্যক্ত অ্যাকেট থেকে উদ্ধার হয় ১৬টি কুকুর ছানার দেহ। চাঞ্চল্য তৈরি ওই ঘটনায়। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি সামনে আসে শিউরে ওঠার মতো একটি সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা যায় দু’জন মহিলা কুকুর ছানাদের মারছে। পরে ওই ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় নার্সিং ট্রেনিং-এর দুই ছাত্রী সোমা এবং মৌসুমীকে। ১৫ তারিখ এন্টালি থানায় দফায় দফায় জেরা করা হয় দু’জনকে। পুলিশ জানায়, জেরার মুখে দু’জনই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। ১৫ তারিখ তাদের আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সে দিনই এন্টালি থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন পশুপ্রেমীরা। দাবি করেছিলেন, ৫০ তাকার বন্ডে যেন ওই দু’জনের জামিন না হয়। এরপর পাল্টা বিক্ষোভে শুরু করে নার্সদের সংগঠন। হস্টেলের পরিকাঠাম-সহ একাধিক দাবিতে হাসপাতালে ধুন্ধুমার বেঁধে যায়। কার্যত শিকেয় ওঠে হাসপাতালের কাজকর্ম। এ বার সেই কাণ্ডে ফের রাস্তায় নামলেন পশুপ্রেমীরা। তাঁদের দাবি বরখাস্ত করতে হবে ওই দুই ছাত্রীকে।