২৬ বছরের দেবলীনা বেঁচে থাকবেন অন্যদের শরীরে, গত এক মাসে তিনজনের অঙ্গ প্রতিস্থাপন কলকাতায়
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর সপ্তমীতে উৎসবে মাতোয়ারা কলকাতার ভিড়ের মধ্যেই তৈরি হয়েছিল গ্রিন করিডর। ব্রেন ডেথ হয়েছিল বাগুইআটির বাসিন্দা দুর্গা সাধুর। পরিবারের সম্মতিতে দুর্গাদেবীর তিনটি অঙ্গ প্রতিস্থাপিত হয়েছিল এসএসকেএম হাসপাতালে তিনজন রোগীর
শেষ আপডেট: 7 November 2018 20:29
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর সপ্তমীতে উৎসবে মাতোয়ারা কলকাতার ভিড়ের মধ্যেই তৈরি হয়েছিল গ্রিন করিডর। ব্রেন ডেথ হয়েছিল বাগুইআটির বাসিন্দা দুর্গা সাধুর। পরিবারের সম্মতিতে দুর্গাদেবীর তিনটি অঙ্গ প্রতিস্থাপিত হয়েছিল এসএসকেএম হাসপাতালে তিনজন রোগীর শরীরে। এ বার দেওয়ালির রাতেও অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটল শহরে। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ব্রেন ডেথ হওয়া ২৬ বছরের তরুণী দেবলীনা ঘোষের হার্ট, দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপিত করা হবে।
গত ৪ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় দেবলীনাকে ভর্তি করা হয় আমরিতে। আইটিইউ-তে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ভর্তির সময় থেকেই তাঁর জ্ঞান ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্রমেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তাঁর ব্রেন ডেথ হয় বলে জানান চিকিৎসকরা। আমরি হাসপাতালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দেবলীনার পরিবারের সঙ্গে। দেবলীনার পরিবার আলোচনা করে অনুমতি দেয় অঙ্গ প্রতিস্থাপন করার। এরপরই শুরু হয় তোড়জোড়।
আরও পড়ুন- ধাপার মাঠের রূপকথা: ‘নোংরা’ ঘেঁটে হিরে খোঁজেন মাইকেল, সাংবাদিকতা পড়ে ‘কাগজকুড়ুনি’ রুক্মিনী
হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করে রিজিওনাল অরগ্যান ট্রান্সপাল্টেশন অরগানাইজেশন (রোটো)-এর সঙ্গে। রোটো এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর শরীরে প্রতিস্থাপিত করা হবে দেবলীনার হার্ট। দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপিত হবে এসএসকেএম হাসপাতালে। মৃতার চোখ দুটিও রাখা হয়েছে শঙ্কর নেত্রালয়ে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, আড়াই বছর বয়স থেকেই অসুস্থ দেবলীনা। নানান ডিসঅর্ডার নিয়েই তাঁকে চলতে হয়েছে। আমরি হাসপাতালের শীর্ষ আধিকারিক ডাঃ রূপম বড়ুয়া জানিয়েছেন, দেবলীনা বেঁচে থাকবেন অন্যদের শরীরে।
গত ১৪ অক্টোবর উল্টোডাঙা উড়ালপুলের কাছে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন বেহালার পর্ণশ্রীর বাসিন্দা বছর তেইশের অমিত মুখোপাধ্যায়। ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। ১৭ অক্টোবর ব্রেন ডেথ হয় তাঁর। অমিতের পরিবারও সম্মতি দেয় অঙ্গ প্রতিস্থাপনে। তাঁর হার্ট, দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপিত হয় চার জনের শরীরে। ফলে এই নিয়ে গত এক মাসে তিন জনের ব্রেন ডেথের পর অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটল কলকাতায়।