দ্য ওয়াল ব্যুরো: দেশে মহামারী করোনার প্রভাবে আমজনতার সমস্যায় বারবার পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। পর্দায় ভিলেনের চরিত্রে জনপ্রিয় হলেও রিয়েল লাইফে তিনিই আসল হিরো। শুরুটা করেছিলেন নিজের হোটেল থেকে। করোনা পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে অবিরাম পরিষেবা দিয়ে চলেছেন পুলিশকর্মীরা। মুম্বই পুলিশের জন্য তাই নিজের জুহুর হোটেল খুলে দিয়েছিলেন সোনু। যাতে কাজের ফাঁকে তাঁরা সামান্য বিশ্রাম নিতে পারেন।
এ বার মহারাষ্ট্র পুলিশের জন্য ২৫ হাজার ফেসশিল্ড দিয়েছেন অভিনেতা। সোনুকে ধন্যবাদ জানিয়েছেন, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। টুইটারে অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। বৃহস্পতিবার টুইট করে তিনি লিখেছেন, "পুলিশকর্মীদের জন্য ২৫ হাজার ফেসশিল্ড দিয়েছেন সোনুজি। ওনাকে অনেক ধন্যবাদ।" জবাবে টুইট করেছেন সোনুও। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে অভিনেতা লিখেছেন, "আমার পুলিশ ভাইবোনের যে অসামান্য কাজ করছেন সেখানে তাঁদের জন্য এই সামান্য কাজটুকুই আমি করতে পারলাম। ওঁদের জন্য কিছু করতে পেরে আমি সম্মানিত।"
https://twitter.com/SonuSood/status/1283765045894148096?s=19
করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে গত ২৫ মার্চ লকডাউন শুরু হয়েছিল ভারতে। এখনও বেশ কিছু জায়গায় আংশিক লকডাউন চলছে। লকডাউনের প্রাথমিক পর্যায়ে সমস্যায় পড়েছিলেন ভিনরাজ্যের শ্রমিকরা। তাঁদের বাড়ি ফেরানোর দায়িত্ব একার কাঁধেই তুলে নিয়েছিলেন সোনু সুদ। কখনও বাস, কখনও আবার বিমান, বাইরের রাজ্য থেকে বহু শ্রমিককে মুম্বই ফিরিয়ে আনার পাশাপাশি মুম্বই থেকেও পরিযায়ী শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরার ব্যবস্থা করেছিলেন অভিনেতা। শুধু তাই নয়, বহু অসহায় পরিবার এবং বস্তি এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস, মুসির দোকানের সরঞ্জাম, শুকনো খাবার এই সবকিছুও উদ্যোগ নিয়ে পৌঁছে দিয়েছিলেন সোনু। ঘূর্ণিঝড় নিসর্গের পরেও দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি।
সম্প্রতি লকডাউনে ক্ষতিগ্রস্ত ৪০০-র বেশি শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন অভিনেতা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, লকডাউনের সময় যেসব শ্রমিকরা মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, সেরকম ৪০০-র বেশি পরিবারকে সাহায্য করবেন অভিনেতা। ৪৬ বছরের এই অভিনেতা জানিয়েছেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, লকডাউনে মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, এরকম শ্রমিকের পরিবারকে সাহায্য করব। আমি মনে করি তাঁদের সাহায্য করা আমার কর্তব্য। ইতিমধ্যেই এরকম ৪০০-র বেশি পরিবারের সঙ্গে কথা বলেছি আমি। কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে।”

জানা গিয়েছে, ইতিমধ্যেই ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের একাধিক রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে সোনু সুদের। লকডাউনে মৃত বা আহত শ্রমিকদের পরিবারের খোঁজ করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বের করার আবেদন করেছেন অভিনেতা। সেই বিষয়েই কাজ করছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনগুলি।
এছাড়াও জানা গিয়েছে, গত কয়েকমাসে নিজের অভিজ্ঞতা সম্পর্কে এবার একটি বইও লিখতে চলেছেন সোনু সুদ।