দ্য ওয়াল ব্যুরো: #মি টু-র তালিকায় এ বার নাম জড়ালো চিত্রশিল্পী যতীন দাসের। নিশা ভোরা নামের এক মহিলা অভিযোগ জানিয়েছেন, এই বিখ্যাত চিত্রশিল্পীর বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, ১৪ বছর আগে তাঁকে যৌন হেনস্থা করেছেন যতীন দাস। টুইটারে নিশা লিখেছেন, ২০০৮ সালে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছে। তখন তাঁর বয়স ছিল ২৮ বছর। কিন্তু এত বছর পরে কেন মুখ খুললেন নিশা, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। নিশা জানিয়েছেন, তখন সদ্য বিয়ে হয়েছিল তাঁর। নিজের থেকেও পরিবার এবং পরিবারের সম্মানের কথাই বেশী ভাবতেন। সেই জন্যেই তখন প্রকাশ্যে কিছু বলেননি তিনি।
নিশা জানিয়েছেন, তাঁর শ্বশুর একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই হাজির ছিলেন যতীন দাস। ওই পার্টিতেই তিনি নিশাকে প্রস্তাব দেন তাঁর অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করার জন্য। এরপর যতীনের খিড়কি ভিলেজ স্টুডিওতে কাজ করতে যান নিশা। আর সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। নিশা অভিযোগ করেছেন, তাঁকে জোর করে জড়িয়ে ধরতে চেয়েছিলেন যতীন। বারবার সরিয়ে দেওয়া সত্ত্বেও একই কাজ করেছিলেন তিনি। কোনওমতে স্টুডিও থেকে পালিয়ে আসেন নিশা। তবে এখানেই শেষ নয়। অভিযোগ আরও রয়েছে। যতীন দাসের মেয়ে বিখ্যাত পরিচালক নন্দিতা দাসের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন নিশা। তিনি বলেন, এই ঘটনার একদিন পরেই তাঁকে ফোন করেছিলেন নন্দিতা। বাবার জন্য নিশার মতোই একজন অ্যাসিস্ট্যান্ট তিনি খুঁজে দিতে বলেছিলেন তিনি।
যদিও গোটা ঘটনাই অস্বীকার করেছেন চিত্রশিল্পী যতীন দাস। তিনি বলেন, "কোনওদিন ওই মহিলার সঙ্গে দেখাই হয়নি। ওনাকে চিনি না।" এর পাশাপাশি যতীন বলেছেন, যাঁর তাঁর বিরুদ্ধে বিকৃত অভিযোগ তোলাটা এখন একটা অদ্ভুত মজার খেলা হয়ে দাঁড়িয়েছে।