দ্য ওয়াল ব্যুরো: ক্রমাগত বাড়তে থাকা জ্বালানি তেলের দামে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। কিন্তু তাতে যে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের কোনও সমস্যা নেই তা আরও একবার প্রমাণিত হলো। পেট্রল-ডিজেলের দাম বাড়লে যে তাঁদের কোনও সমস্যা হয় না তা বেশ মজা করেই বললেন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে।
মহারাষ্টের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে জয়পুর সফরে এসে এই মন্তব্য করেন। তাঁর বক্তব্য, " জ্বালানি তেলের দাম বাড়াতে আমার কোনও সমস্যা হচ্ছে না, কারণ আমি তো মন্ত্রী। মন্ত্রীত্ব চলে গেলে অবশ্য সমস্যা হতে পারে।" যদিও এই পেট্রল-ডিজেলের দাম বাড়ার ফলে যে সাধারণ মানুষ খুব সমস্যায় পড়েছেন, তা স্বীকার করে নিয়েছেন রামদাস। তিনি বলেন, " এই দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ যে খুব সমস্যায় পড়েছেন সেটা বোঝা যাচ্ছে। সরকারের দায়িত্ব এই সমস্যার সমাধান করা।"
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার যে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তার প্রতিশ্রুতিও দিয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। তিনি বলেন, " যদি রাজ্য সরকার জ্বালানি তেলের উপর নেওয়া ট্যাক্স কমিয়ে দেয়, তাহলে দাম কমে যাবে। কেন্দ্র এই বিষয়ে খুব চেষ্টা করছে।" কিছুদিন আগেই বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, " বিদেশের বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ফলেই এই সমস্যা হচ্ছে। আমেরিকা ও চিনের মধ্যে যে বাণিজ্যিক লড়াই চলছে তার প্রভাব পড়ছে এই দামের উপর। এছাড়াও তেল উৎপাদক দেশগুলোর সঙ্গে আমেরিকার গণ্ডগোলের ফলেও তেলের দাম বাড়ছে। সরকার এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। শিগগির আমরা এই বিষয়ে কোনও সমাধান সূত্র বের করব।"
কিন্তু রামদাসের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনা শুরু হয়েছে। একাংশের বক্তব্য, নেতা-মন্ত্রী হওয়ায় কোনও কিছুই তো তাঁদের কিনতে হয় না। সব কিছুই ফ্রি'তে পান। তাই সাধারণ মানুষের কষ্ট তাঁরা আর কী বুঝবেন। আবার কেউ কেউ বলেন, কবে থেকে তো সমাধান সূত্র বেরাবে শোনা যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত সেই সমাধান সূত্র খুঁজে পাওয়া গেল না।