দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রাজধানী শহরের একাধিক রাস্তায় জল জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বৃষ্টির জেরে দিল্লির তাপমাত্রা নেমে এসেছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি জানিয়েছে, আজ বুধবার প্রায় সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দিল্লি এবং সংলগ্ন হরিয়ানার একাধিক অংশে।
প্রসঙ্গত, গত রবিবার সাত সকালে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল দিল্লি এবং সংলগ্ন এলাকায়। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও বৃষ্টি হয়েছিল সেদিন। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বেহাল হয়ে গিয়েছিল রাজধানী। জলমগ্ন রাস্তায় ডুবে গিয়েছিল বাস-অটো-গাড়ি। ভেঙে পড়েছিল বাড়ির একাংশ। মারা গিয়েছেন ২ জন। রবিবারই আইএমডি জানিয়েছিল আগামী কয়েকদিন দুর্যোগ চলবে দিল্লিতে। কিছু জায়গায় জারি হয়েছে অরেঞ্জ সতর্কতা।
মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে, আজ বুধবার বৃষ্টি হতে পারে দিল্লি, হিসার, ভিওয়ানি, হানসি, জিন্দ, মেহম, কাইথাল, গোহানা, গন্নাউর, সোনিপত, বাগপত, মীরাট, মহেন্দ্রগড়, কোসলি, ফারুকনগর, শামলি, গুরুগ্রাম, পানিপথ, রোহতক, কার্নাল, কুরুক্ষেত্র ইত্যাদি অঞ্চলে। আইএমডি আরও জানিয়েছে, দিল্লি এবং সংলগ্ন এলাকা ছাড়াও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচলপ্রদেশ, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর মিজোরাম এবং ত্রিপুরায়। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে আগামী ৩ থেকে ৪ দিন দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপর কমতে পারে বৃষ্টি।
ইতিমধ্যেই নাগাড়ে অতি ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। ধস নেমেছে অসমের বেশ কিছু জেলায়। একই অবস্থা অরুণাচলপ্রদেশে। এছাড়া বিহারেও বন্যা হয়েছে। আইএমডি জানিয়েছে, মূলত উত্তর-পূর্ব এবং সব-হিমালয়ান পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। ফলে বন্যা হতে পারে। নামতে পারে ভূমিধস। বিপদসীমার উপর দিয়ে বইতে পারে এইসব এলাকার অধিকাংশ নদী।
বুধবার সকালে আইএমডি বুলেটিনে জানিয়েছে, দিল্লি এবং সংলগ্ন এলাকা ছাড়াও আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিহার, বিদর্ভ, ঝাড়খণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, মেঘালয় এবং ওড়িশার উত্তর অংশে।