
শেষ আপডেট: 29 December 2019 13:03
স্বামীকে হারানোর পর বৃদ্ধাশ্রমে ঠাঁই হয় লক্ষ্মী আম্মালের। কোনওদিন ভাবেননি যে জীবনে দ্বিতীয়বার প্রেম আসবে। ফের নতুন করে কারও সঙ্গে সাতপাক ঘুরবেন। তবে ৬৭ বছরের কোচানিয়ান মেননের সঙ্গে আলাপের পরে বদলে গেল সবটা। ষাটের কোঠায় পৌঁছে নতুন করে প্রেম খুঁজে পেলেন লক্ষ্মী।
ত্রিশূরের বাসিন্দা কোচিয়ান নিজের পরিবারে বড় অপাংতেয় হয়ে গিয়েছিলেন। স্ত্রী বিয়োগের পর বাবার দায়িত্ব নিতে চাননি ছেলেমেয়েরাও। অতএব ঠাঁই হয় এই বৃদ্ধাশ্রমে। সেখানেই আলাপ হয় লক্ষ্মীদেবীর সঙ্গে। অল্প দিনের আলাপে গাঢ় হয় বন্ধুত্ব। বন্ধুত্বের মধ্যেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দু'জনেই বুঝতে পারেন বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান তাঁর। ভাবনা মাথায় আসতেই বৃদ্ধাশ্রমের বাকি আবাসিকদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীদেবী এবং কোচানিয়ান।
বৃদ্ধ-বৃদ্ধার সিদ্ধান্তকে সমর্থন জানান সকলেই। এক আবাসিকের কথায়, "ওরা বিয়ে করবে শুনে কী যে আনন্দ পেয়েছি। যাক অন্তত কেউ তো জীবনসঙ্গী খুঁজে পেল এখান থেকে। এবার অন্তত সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মত কাউকে পাবেন ওরা।" মেহেন্দি-সঙ্গীত থেকে শুরু করে ধুমধাম করে পালন হয়েছে বিয়ের সব রিচুয়ালস। সিংহাসনে বসে বর-কনে একে অন্যের গালে চুমুও খেয়েছেন। হাততালি আর হাসিতে তখন ফেটে পড়েছিল গোটা বৃদ্ধাশ্রম।
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই নবদম্পতির ছবি। শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।