মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারিতে শরদ পাওয়ার ও তাঁর ভাইপোর বিরুদ্ধে মামলা করল ইডি
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় নাম জড়াল প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ারের। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মামলা করল তাঁর বিরুদ্ধে। মামলা করা হয়েছে তাঁর ভাই
শেষ আপডেট: 24 September 2019 15:54
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় নাম জড়াল প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ারের। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মামলা করল তাঁর বিরুদ্ধে। মামলা করা হয়েছে তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিরুদ্ধেও। মঙ্গলবার এই মামলা রুজু করেছে ইডি।
সমবায় ব্যাঙ্কে আর্থিক দুর্নীতি নিয়ে বম্বে হাইকোর্টের নির্দেশে আগেই অজিত পাওয়ারের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। এ বার ইডি-র আতস কাচের নীচে কাকা-ভাইপো দুজনেই। এবং হল তো হল একেবারে মহারাষ্ট্র বিধানসভা ভোটের ঠিক আগে। যা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছেন।

শুধু পাওয়াররাই নন, এই মামলায় নাম জড়িয়েছে ওয়ার্কার্স পার্টির নেতা জয়ন্ত পাতিল-সহ ব্যাঙ্কের ৩৪টি শাখার একাধিক আধিকারিককে।
মহারাষ্ট্রের সবথেকে বড় সমবায় ব্যাঙ্ক এটি। কেন্দ্রীয় সংস্থা নাবার্ড-এর অডিট রিপোর্টে উঠে আসে ২০০৭-১১ সাল, চার বছরে এই ব্যাঙ্ক একহাজার কোটি টাকা লোকসান করেছে। এবং তা খুঁজতে গিয়ে আর্থিক কেলেঙ্কারি উঠে আসে। একাধিক চিনি কলের ঋণ খেলাপি নজরে আসে অডিটে। সমাজকর্মী সুরিন্দর অরোরা বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেই রায়ে আদালত এই তদন্তের দায়িত্ব দেয় ইডি-কে।
যদিও বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে, এটাই হচ্ছে মোদী সরকারের নীতি। ভোটের আগে বিরোধীদের কোণঠাসা করতে এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে। বিরুদ্ধে কথা বললেই এজেন্সির জুজু দেখিয়ে মুখ বন্ধ করতে চাইছে।