দ্য ওয়াল ব্যুরো: ভেবেছিলেন প্রশংসা কুড়োবেন। সেইসঙ্গে পাবেন মানুষের সহানুভূতি। কিন্তু ফল হলো উলটো। ত্রাণ শিবিরে রাত কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে জে আলফোনস।
সোমবার কেরলের বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। ঘুরে দেখেন বন্যার্তদের পরিস্থিতি৷ এ পর্যন্ত সবই ঠিক ছিল৷ গোল বাঁধল অন্য জায়গায়৷ সেই ত্রাণ শিবিরে ঘুমিয়ে রাত কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন কেন্দ্রের পর্যটন মন্ত্রী কে জে আলফোনস৷
https://twitter.com/alphonstourism/status/1032078370878586880
তারপর থেকেই শুরু হয়েছে বিপত্তি৷ ত্রাণ শিবিরে রাত কাটিয়ে ছবি দেওয়ার পর থেকেই রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হয়েছে আলফোনসকে৷ নেটিজেনদের অধিকাংশই সরব হয়েছে এই ছবিকে কেন্দ্র করে৷ বলা হচ্ছে স্যার, ত্রাণ শিবিরটা বিজ্ঞাপনের জন্য নয়৷ এরকম ধরণের প্রতিক্রিয়ায় ভরে উঠেছে জে আলফোনসের ট্যুইটারের দেওয়াল৷ সেই সব প্রতিক্রিয়ায় আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে ট্যাগ করা হয়েছে৷ ফলে আরও বেশি ছড়িয়ে পড়েছে ওই বার্তা৷
https://twitter.com/azadkumarazad/status/1032578420562161664
অনেক নেটিজেন বেশ ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন এটা কি ধরণের রসিকতা? এভাবে নিজের প্রচার চালানোর কোনও দরকার নেই বলেও মত প্রকাশ করেছেন অনেকে৷ লোকদেখানো কোনও পদক্ষেপ করারও দরকার নেই বলে কটাক্ষ করেছেন তাঁরা৷ এই ঘটনার তীব্র বিরোধিতা করে চালু করা হয়েছে নতুন একটি হ্যাশট্যাগ, যার নাম #KannanthanamSleepChallenge৷ এখানে মন্ত্রীর আলফোনস জোসেফ কান্নানথানাম নামটি ব্যবহার করা হয়েছে৷
https://twitter.com/ChaluUnion/status/1031980353898967040
এরআগে, আকাশপথে কেরলের বন্যা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রবল বৃষ্টির জন্য প্রথমে বাতিল করা হয় পরিদর্শন কর্মসূচি। উড়তে পারেনি হেলিকপ্টার। পরে পরিস্থিতি একটু আয়ত্তের মধ্যে এলে আকাশপথে কোচি ও সংলগ্ন এলাকা ঘুরে দেখেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল পি সতশিবম ও কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে জে আলফোনস।
https://twitter.com/somsirsa/status/1032567314657492992