
শেষ আপডেট: 12 September 2019 17:19
নয়া ট্রাফিক আইনের ঠ্যালায় ত্রাহি ত্রাহি রব উঠেছে দেশ জুড়ে। একচুল এদিক-ওদিক হলেই হাতে চালান ধরিয়ে দিচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। নিয়ম ভাঙলেই চড়চড় করে বাড়ছে ফাইনের পরিমাণ। কদিন আগেই ওড়িশাতে এক ট্রাক ড্রাইভারের ফাইন হয়েছিল ৮৬ হাজার ৫০০ টাকা। সে সময় পরিসংখ্যান বলছিল এ যাবৎ দেশে যত জরিমানা হয়েছে তার মধ্যে ওড়িশার সম্বলপুরের এই ট্রাক চালকের জরিমানার পরিমাণ সবচেয়ে বেশি। তবে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন দিল্লির এই ট্রাক চালক। ফাইনের পরিমাণ পৌঁছে গিয়েছে লাখ টাকায়। তাও আবার দু' লাখ।
নিদর্শন আরও আছে। এই ওড়িশাতেই ট্রাফিক আইন ভাঙার জন্য ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছিল এক অটো চালককে। দিল্লির মালব্য নগরে মত্ত অবস্থায় স্পিড লিমিট পেরিয়ে বাইক চালানোর দায়ে এক যুবককে ২৫ হাজার টাকার ফাইনের চালান ধরিয়েছিলেন ট্রাফিক পুলিশ। তাতে রেগে গিয়ে নিজের বাইকেই আগুন ধরিয়ে দেয় ওই যুবক। এ ছাড়াও সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ এসেছে ৫১ জন ট্রাফিক পুলিশের বিরুদ্ধেই। এমনকী ট্রাফিক চালানের ভয়ে হেলমেটেই লাইসেন্স, ইনস্যুরেন্স সেঁটে ঘুরছেন ভদোদরার এক যুবক।