দ্য ওয়াল ব্যুরো: লিফটের দরজার সূক্ষ্ম ফাঁকে পা আটকে গিয়েছিল ৯ বছরের ছোট্ট মেয়েটার। এ দিকে ততক্ষণে প্রায় বন্ধ হয়ে গিয়েছে লিফটের দরজা। কারণ অন্য ফ্লোর থেকে কেউ বোতাম টিপে দিয়েছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল বাচ্চা মেয়েটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। মারা গিয়েছে হায়দরাবাদের বাসিন্দা লাস্যা যাদব। পুলিশ জানিয়েছে, শুক্রবার হায়দরাবাদের হস্তিনাপুরমে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
কয়েকদিন আগেই হস্তিনাপুরমের এই তিনতলা বাড়িতে শিফট করেছিলেন চন্দ্রশেখর যাদব এবং তাঁর পরিবার। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তিনতলায় যাবে বলে লিফটে উঠতে গিয়েছিল লাস্যা। তখনই ঘটে অঘটন। লিফটে ওঠার সময় আচমকাই দরজার ফাঁকে পা আটকে যায় লাস্যার। টানাটানি করে পা বের করার অনেক চেষ্টা করেছিল বাচ্চা মেয়েটা। কিন্তু ততক্ষণে তিনতলা থেকে কেউ একজন লিফটের বোতাম টিপেছিলেন। ফলে লাস্যার পা আটকানো অবস্থাতেই বন্ধ হয়ে যায় লিফটের দরজা। পুরো বন্ধ না হওয়া সত্ত্বেও চালু হয়ে যায় লিফট। উঠতে থাকে উপরের দিকে। ভয়ে আতঙ্কে তখন তারস্বরে চিৎকার করতে শুরু করে লাস্যা। দুর্ভাগ্যবশত সে সময় আশেপাশে ছিলেন না কেউই।
পুলিশ জানিয়েছে, লিফট ক্রমশ উপরের দিকে উঠতে থাকায় লিফটের বাইরের দেওয়ালে মারাত্মক জোরে ধাক্কা খায় লাস্যার শরীর। ছিটকে পড়ে যায় বাচ্চাটি। মারাত্মক ঘটনা টের পেয়েই অ্যাম্বুল্যান্সে ফোন করেন লাস্যার বাবা চন্দ্রশেখর। খবর দেওয়া হয় লিফটম্যান এবং তদারকিতে থাকা বাকিদের। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছোট্ট লাস্যাকে। তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে লাস্যার।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা..
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/