দ্য ওয়াল ব্যুরো: দিনে-দুপুরে রাজধানীতে ঘটল ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতি। মুখোশ পরে ছয় সশস্ত্র ডাকাত ব্যাঙ্কে হানা দিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়। প্রতিরোধ করায় ক্যাশিয়ারকে গুলি করে তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে দক্ষিণ পশ্চিম দিল্লির ছাওলা এলাকার একটি কর্পোরেশন ব্যাঙ্কে। পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে ব্যাঙ্কের সিসিটিভিতে। সেখানে দেখা যাচ্ছে মুখোশ পরে অস্ত্রসহ ছয় ডাকাত ব্যাঙ্কে ঢোকে। তারা প্রথমে ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডকে মারধর করে তার বন্দুক ছিনিয়ে নেয়। সেই সময় ব্যাঙ্কে কর্মচারী, কাস্টমার মিলিয়ে ১৬ জন ছিলেন। ১০ জন কাস্টমার ও ৬ জন ব্যাঙ্ক কর্মী ছিলেন।
https://twitter.com/ANI/status/1050988416714887168
ডাকাতরা প্রত্যেককে ভয় দেখিয়ে বন্দক করে। তারপর ব্যাঙ্কের ক্যাশ থেকে ৩ লিক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার সময় ব্যাঙ্কের ক্যাশিয়ার সন্তোষ বাধা দিলে তাঁকে দুটো গুলি করে ডাকাতরা। ডাকাতি করে ব্যাঙ্ক থেকে ডাকাতরা বেরিয়ে যাওয়ার পর সন্তোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, দিল্লিতে ডাকাতরা সাধারণত ক্যাশ নিয়ে যাওয়ার গাড়িতে হামলা চালায়। এভাবে দিন-দুপুরে ব্যাঙ্কে ঢুকে ডাকাতির ঘটনা রাজধানীতে গত এক দশকে ঘটেনি বলেই জানিয়েছে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের চিহ্নিত করা গেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে ডাকাতরা প্রত্যেকে সোনিপত ও নজফগড় এলাকার বাসিন্দা। একজন ডাকাতকে এতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশের বেশ কয়েকটি দল।