
শেষ আপডেট: 17 July 2020 03:00
প্রথম দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের শহরতলি মালওয়ানি অঞ্চলে। সেখানকার মালাড এলাকায় একটি তিনতলা চল ভেঙে পড়েছিল গতকাল দুপুরে আড়াইটে নাগাদ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। কয়েকজন আহতকে পাঠানো হয়েছিল বেসরকারি হাসপাতালে। তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশন। ঘটনাস্থলে গিয়েছিল দমকলের চারটে ইঞ্জিন এবং একটি রেসকিউ ভ্যান ও অ্যাম্বুল্যান্স। দমকলকর্মীদের কথায় দুপুর আড়াইটে নাগাদ ওই তিনতলা চলে একটা অংশ ভেঙে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয় এলাকায়। ১৫ জনকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে।
https://twitter.com/ANI/status/1283944226246418433?s=08
আর একটি বহুতল ভেঙে পড়ে দক্ষিণ মুম্বইয়ে। জানা গিয়েছে, সেখানকার ফোর্ট এলাকায় মিন্ট রোডের কাছে ভেঙে পড়েছে ভানুশালী বিল্ডিং। ইতিমধ্যেই ওই বিল্ডিংকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই বিল্ডিংয়ের একটা অংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন আগেই এই বিল্ডিংয়ের একটা অংশ খালি করে মেরামতের কাজ শুরু হয়েছিল। ফোর্ট এলাকাতেও এই বহুতল ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন এবং দুটো রেসকিউ ভ্যান। এছাড়াও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে স্থানীয় জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১২ জনকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে।
জানা গিয়েছে, এখনও চলছে উদ্ধার কাজ। এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৬ জন মারা গিয়েছেন দুটো দুর্ঘটনায়। উদ্ধার হয়েছে মোট ২৩ জন। মৃত এবং আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।