দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আম্বালার একটি হাসপাতালে ভর্তি তিনি। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন তিনি। হরিয়ানার প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছিলেন তিনি। তার কিছুদিন পরেই তাঁর রিপোর্ট পজিটিভ এল। নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন মন্ত্রী।
টুইটে অনিল ভিজ লিখেছেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।”
গত ১৯ নভেম্বর টুইট করে ৬৭ বছরের অনিল ভিজ বলেছিলেন, “আগামীকাল ১১টার সময় আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভারত বায়োটেকের করোনাভাইরাসের টিকার ট্রায়াল ডোজ নেব আমি। পিজিআই রোহতক ও স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের তত্ত্বাবধানে হবে এই টিকার ট্রায়াল।” সেইমতো পরের দিন টিকা নেন তিনি। সেই টিকার ট্রায়ালের ভিডিও প্রকাশ করা হয়।
https://twitter.com/ANI/status/1329684086332346369?s=19
অগস্ট মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও। তাঁকে দিল্লির কাছে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হন হরিয়ানার বিধানসভার স্পিকারও।
দেশে ভারত বায়োটেকের টিকার তৃতীয় বা চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হয়ে গেছে। ২২টি জায়গায় টিকার ট্রায়াল চলছে। এই পর্বে টিকা দেওয়া হবে ২৬ হাজার জনকে। কোভ্যাক্সিন টিকার তৃতীয় পর্বের ট্রায়াল শুরু হতেই প্রথম টিকার ডোজ নিয়েছিলেন আলিগড় মুসলিম বিদ্যালয়ের উপাচার্য তারিক মনসুর। আইসিএমআর জানিয়েছে, কোভ্যাক্সিন টিকার ট্রায়ালে অংশ নিতে কমিটি তৈরি করা হয়েছে। টিকার পরীক্ষার জন্য এগিয়ে আসতে আবেদন করা হয়েছে চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মী থেকে সমাজের সব পেশার মানুষজনকেই। সেইমতো টিকার ট্রায়াল নেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীও। তার ১৫ দিনের মধ্যেই আক্রান্ত হলেন তিনি।