দ্য ওয়াল ব্যুরো : ভারত যতবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জইশ ই মহম্মদকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করার দাবি জানিয়েছে, ততবারই বাধা দিয়েছে চিন। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশ যখন এককথায় পুলওয়ামায় জঙ্গি হানার নিন্দা করেছে, তখনও চিন জানিয়ে দিল, জইশ নিয়ে তাদের অবস্থান বদলায়নি।
বৃহস্পতিবার বিকালে আড়াই হাজার সি আর পি এফ কর্মীকে নিয়ে জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে যাচ্ছিল ৭৮ টি বাস। অবন্তীপুরার কাছে একটি স্করপিও গাড়ি ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে ধাক্কা দেয় কনভয়ে। বিস্ফোরণের শব্দ শোনা যায় ১০ কিলোমিটার দূর থেকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বাসের টুকরো, মানুষের দেহাংশ। অনেকে গুরুতর আহত হন।
বেজিং থেকে বলা হয়েছে, আমরা আত্মঘাতী জঙ্গি হানার খবর পেয়েছি। আমরা ওই ঘটনায় শোকপ্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সাংবাদিকরা চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াংকে প্রশ্ন করেন, মাসুদ আজহার সম্পর্কে এখন আপনারা কী অবস্থান নিচ্ছেন। তিনি বলেন, চিন এসম্পর্কে গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নেবে।
অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রক থেকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সব স্থায়ী সদস্যের কাছে আবেদন জানানো হয়েছে, মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হোক।
আমেরিকা থেকে পুলওয়ামার ঘটনার নিন্দা করে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের পাশে আছি। রাশিয়া থেকে বলা হয়েছে, কোনও দ্বিচারিতা না করে সবাইকে একজোট হয়ে এই অমানবিক কাজের জবাব দিতে হবে। ফ্রান্সের মুখপাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সব সময়ই ভারতের পাশে রয়েছি। জার্মানিও বলেছে, আমরা সব সময়ই ভারতের পাশে আছি।
মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ বলেছেন, আমি কঠোরতম ভাষায় জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার নিন্দা করছি। ক্ষতিগ্রস্তদের জন্য আমি প্রার্থনা করি। সন্ত্রাসবাদ দমনে ভারত ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আমরা সহযোগিতা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করেছি। জঙ্গিবাদকে মুছে ফেলার জন্য বাংলাদেশ সবসময় ভারত ও আন্তর্জাতিক মহলের সঙ্গে সহযোগিতা করে যাবে।
ভুটান থেকে বলা হয়েছে, আমরা সব রকমের হামলারই নিন্দা করি। পরিস্থিতির ওপরে আমরা নজর রাখছি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল শ্রীসেন বলেছেন, এই ধরনের নৃশংস জঙ্গি হানার বিরুদ্ধে সারা বিশ্বেরই সরব হওয়া উচিত।