দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে ভয়াবহ আগুন লাগল পার্ক সার্কাসের জনবসতিপূর্ণ এলাকায়। রাইফেল রেঞ্জ রোডের পাঁচটি দোকানকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়। প্রচণ্ড গরম ও লু বওয়ার কারণে দ্রুত ছড়ায় আগুন। ঘটনাস্থলের সামনেই রেললাইন। লাইন-সংলগ্ন বস্তি এলাকার সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছেন আগুন নেভাতে। যে কোনও দুর্ঘটনা এড়াতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছয় ১৫টি ইঞ্জিন।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। সূত্রের খবর, এলাকায় প্রচুর গোডাউন রয়েছে। সেখানে লেগে গেলে বড় বিপদের আশঙ্কা। দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় যুবক এবং পথচলতি বাসের কনডাকটররাও। আশঙ্কা, বিদ্যুতের তারে আগুন ধরে গেলে বড় বিপর্যয় ঘটে যাবে। ঘটনাস্থলেই রয়েছে প্রচুর পরিমাণে বাঁশ, কাঠ ও প্লাইউডের দোকান। তাই আতঙ্ক রয়েছে গোটা এলাকায়।
দেখুন ভিডিও।
https://www.youtube.com/watch?v=H_pYBjbje6E&feature=youtu.be
স্থানীয়দের অভিযোগ, দমকল বেশ দেরি করে এসেছে। প্রায় এক ঘণ্টা ধরে ছড়িয়ে গিয়েছে আগুন। দমকল কর্তৃপক্ষের পাল্টা দাবি, এত অপরিসর রাস্তায় তাঁদের আসা এবং কাজ করাই মুশকিল। জলও নেই পর্যাপ্ত। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। হতাহতের কোনও খবর নেই। ঠিক কী থেকে লাগল আগুন, তা-ও এখনও অজানা।