বাংলাদেশে পুজোয় তাণ্ডব: অসমের কংগ্রেস সভাপতির চিঠি হাসিনা ও রাষ্ট্রপুঞ্জকে
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) দুর্গাপুজোকে কেন্দ্র করে কুমিল্লা-সহ একাধিক জেলায় যে সাম্প্রদায়িক সংঘাত চলছে তাতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার
শেষ আপডেট: 17 October 2021 13:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) দুর্গাপুজোকে কেন্দ্র করে কুমিল্লা-সহ একাধিক জেলায় যে সাম্প্রদায়িক সংঘাত চলছে তাতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থাকে চিঠি লিখে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।
রাষ্ট্রপুঞ্জকে অসমের কংগ্রেস সভাপতি লিখেছেন, “বাংলাদেশে বর্বরতা চলছে। লাগাতার কয়েকদিন ধরে ধর্মীয় হানাহানির ঘটনায় রক্ত ঝরছে সাধারণ মানুষের। প্রতিদিন নতুন নতুন এলেকায় হিংসা ও সংঘর্ষের খবর আসছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবস্থা নেওয়া।”
হাসিনার উদ্দেশে কমলাক্ষ দে পুরকায়স্থ লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার বলিষ্ঠ পদক্ষেপ আশা করি। দুষ্কৃতীরা যাতে কোনও ভাবেই রেহাই না পায়। যা চলছে তা সভ্য সমাজে ঘটে না। উত্তেজনা প্রশমনে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নিক।”
উত্তর-পূর্বের রাজ্যটির কংগ্রেস নেতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু। এদেশে মুসলিমরা। যে কোনও দেশের গণতন্ত্র কতটা মজবুত তার অন্যতম মানদন্ড হল সেখানকার সংখ্যালঘুরা কতটা সামাজিক নিরাপত্তার আবহে রয়েছেন, আতঙ্কহীন অবস্থায় দিন যাপন করছেন তার উপর।”
বাংলাদেশের গায়েই অসম। ফলে সেখানে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটলে পার্শ্ববর্তী রাজ্যে তার প্রভাব পড়বে সেটাই স্বাভাবিক। হতে পারে সেকারণেই আগে থেকে এই চিঠি লিখলেন তিনি। রাজনৈতিক ভাবেও বোঝাতে চাইলেন, কংগ্রেসের নেতা হিসেবে তিনি যে কোনও দেশের যে কোনও প্রান্তের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার পক্ষে। এমনিতেই বাঙ্গালদেশের ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বাংলা, অসম, ত্রিপুরার বিজেপি। শমীক ভট্টাচার্য, হিমন্ত বিশ্বশর্মা, বিপ্লব দেব—কেউ বাদ নেই। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতাও জোড়া চিঠি লিখলেন রাষ্ট্রপুঞ্জ ও হাসিনাকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'