আনিসের দাদার সঙ্গে শুভেন্দুর কথা, সিবিআইয়ের জন্য সুপ্রিম কোর্টের পথে পরিবার
আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) পরিবার এখনও সিবিআই (CBI) তদন্তে অনড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিবিআই আবার কী? একাধিক উদাহরণ টেনে মমতা বোঝাতে চেয়ছেন, অনেক তদন্ত সিবিআই এখনও সাক্ষ্য গ্রহণই করে উঠতে পারেনি। তারপরেও
শেষ আপডেট: 25 February 2022 12:52
আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) পরিবার এখনও সিবিআই (CBI) তদন্তে অনড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিবিআই আবার কী? একাধিক উদাহরণ টেনে মমতা বোঝাতে চেয়ছেন, অনেক তদন্ত সিবিআই এখনও সাক্ষ্য গ্রহণই করে উঠতে পারেনি। তারপরেও আমতার সারদা গ্রামের খান পরিবার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর বিষয়ে অনড়। এ ব্যাপারে আনিসের দাদা সাব্বির খানের সঙ্গে শুক্রবার কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন কাঁথিতে বিজেপির প্রচার কর্মসূচিতে শুভেন্দু বলেন, “আজ সকালে আনিসের দাদা সাব্বির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁরা সিবিআই চায়। তার জন্য সুপ্রিম কোর্টে যেতে চায় আনিসের পরিবার। আমি সব বন্দোবস্ত করছি।”
আরও পড়ুন: আমিনুল-আনিসকে কেড়েছে পুলিশ, শোকের সহযাত্রী পুত্রহারা দুই পিতা
দু’দিন আগেই শুভেন্দু বলেছিলেন, সিবিআই তদন্তের জন্য আনিসের পরিবার যদি আইনি রাস্তায় হাঁটতে চায় তাহলে আমি সহায়তা করব। পাশে থাকব। এদিনই শুভেন্দু জানালেন, সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
গতকাল পর্যন্ত রাজ্যের তৈরি করে দেওয়া সিটকে কার্যত বয়কট করেছিল আনিসের পরিবার। তবে হাইকোর্টের নির্দেশের পর সিট নতুন করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আদালত বলে দিয়েছে, জেলা জজের উপস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে আনিসের দেহের। ইতিমধ্যে আনিসের কবরস্থানকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি দিয়ে।
আনিসের হত্যা নিয়ে বাম সংগঠনগুলি ও আইএসএফ যেভাবে রাস্তায় নেমেছে, ওখানে পড়ে থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, বিজেপি সেসবের ধারপাশ মাড়ায়নি। কলকাতা ও জেলায় যে ভাবে আন্দোলন করছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি তাও দেখা যায়নি বিজেপির তরফে। এমনকি আট দিন কাটতে চললেও বিজেপির একজন নেতাও আনিসের বাড়িতে যাননি। রাজনৈতিক মহলের অনেকের মতে, সেটাকে ঢাকতেই এবার সুপ্রিম কোর্টে আনিসের পরিবারকে নিয়ে যেতে চাইছেন শুভেন্দু। আবার অনেকের মতে, সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে ভাঙতেই এই কৌশল নিয়ে থাকতে পারেন বিরোধী দলনেতা।