ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে ঝাঁসির রানি লক্ষ্মীবাই! কলকাতা বন্দরের নাম বদলের পরে নয়া জল্পনা
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'দিনের সফরে কলকাতা এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই তিনি কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ বন্দর করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার নাকি বদলে দেওয়া হবে কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃ
শেষ আপডেট: 13 January 2020 10:13
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'দিনের সফরে কলকাতা এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই তিনি কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ বন্দর করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার নাকি বদলে দেওয়া হবে কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ বিক্টোরিয়া মেমোরিয়ালের নামও! জানা গিয়েছে, সম্প্রতি ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের নামে ভিক্টোরিয়ার নাম রাখার প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
কলকাতা শহর থেকে নরেন্দ্র মোদী ফিরে যাওয়ার দিনই এই মর্মে টুইট করেন এই বিজেপি নেতা ও সাংসদ। তিনি দাবি করেন,
ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ শাসনের চিহ্ন বয়ে নিয়ে চলেছে। স্বাধীন ভারতে তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালেন নাম বদল করা জরুরি। ঝাঁসির রানি লক্ষ্মী বাইয়ের নামে ভিক্টোরিয়ার নাম রানি ঝাঁসি স্মারক মহল করার দাবি জানিয়েছেন তিনি।
রবিবার কলকাতা বন্দরের ১৫০-তম বর্ষপূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছেন মোদী। সেই ভাষণে প্রথমে বাংলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। এই বন্দরের বিষয়ে তিনি বলেন, "কলকাতা বন্দরের সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকেও যুক্ত করা হবে। পোর্টের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। পোর্ট শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস রয়েছে। ভারতের স্বনির্ভরতার প্রতীক এই পোর্ট। নতুন ভারতের প্রতীক বানাতে হবে এই বন্দরকে।" তার পরেই আরও নানা কথা বলতে বলতে বন্দরের নাম বদলে নতুন নাম দেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর।
মোদী বলেন, “বাংলার সুপুত্র শ্যামাপ্রসাদ দেশে বিনিয়োগের সূচনা করেছিলেন। ডিভিসির মতো অনেক বড় প্রকল্পে শ্যামাপ্রসাদের বড়সড় যোগদান ছিল। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার শিল্পোদ্যোগের পথিকৃৎ। তাঁকে উপযুক্ত সম্মান দিতে আজ থেকে কলকাতা বন্দরের নাম আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর রাখলাম।”
এর পরেই এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সব মহলে। অভিযোগ ওঠে,
মোদী সরকার সবকিছুর গৈরিকীকরণ করতে চাইছে। এবার সেই অভিযোগই আরও উসকে দিল সুব্রহ্মণ্যম স্বামীর টুইট। তিনি লেখেন, "কলকাতায় এসে নমো যে বক্তব্য রেখেছেন, তাকে আমি স্বাগত জানাই। সেইসঙ্গে কলকাতার ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নাম বদলে রানি ঝাঁসি স্মারক মহল হিসেবে কার্যকর করা উচিত। ১৮৫৭ সালে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারত দখল করেছিলেন। ৯০ বছর ধরে ভারতে লুটতরাজ চালান তিনি। ফলে ইতিহাসের পর্যালোচনা করে এই সৌধের নাম বদলানো উচিত।"
দেখুন সেই টুইট।
https://twitter.com/Swamy39/status/1216185827933356033?
এমনটা অবশ্য নতুন নয়।
ক্ষমতায় আসার পর থেকেই একের পর জায়গা, স্টেশনের নাম পরিবর্তন করে চলেছে বিজেপি সরকার। উত্তর প্রদেশের এলাহাবাদের নাম পরিবর্তন থেকে শুরু করে অটল বিহারি বাজপেয়ীর নামে স্টেডিয়ামের নাম পরিবর্তন পর্যন্ত হয়েছে। বদলে দেওয়া হয়েছে মুঘলসরাই স্টেশনের নাম। এমনকি উত্তরপ্রদেশের একটি শহরের নাম বদলে নাথুরাম গডসে নগর রাখার প্রস্তাব করা হয়েছে। আগ্রার নাম অগ্রবন করারও প্রস্তাব দিয়েছিল বিজেপি। নামবদলের এই হঠকারিতা নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা।
এবার সুব্রহ্মণ্যম স্বামীর এই দাবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও, সরকারের তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
ইতিহাস বলছে, ১৯০৬ সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর কাজ শুরু হয়েছিল। ১৯২১ সালে শেষ হয় নির্মাণ। শ্বেতপাথরের তৈরি এই সৌধটি এখন কলকাতা শহরের অন্যতম এক দর্শনীয় স্থান। একটি জাদুঘরও রয়েছে এখানে। শহরের বহু ইতিহাসের সাক্ষী এই স্মৃতিসৌধ। তার নাম বদলানো কি আদৌ যুক্তিযুক্ত, এখন এই প্রশ্নই উঠেছে জনমানসে।