দ্য ওয়াল ব্যুরো: আরও দুই করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে দক্ষিণ মুম্বইয়ের ধারাভিতে। এই নিয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫। ইতিমধ্যেই মৃত্যুও হয়েছে একজনের।
জানা গিয়েছে, নতুন দুই আক্রান্তকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাঁরা এই দুই আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ শুরু হয়েছে।
ধারাভিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল বুধবার। সেদিনই সন্ধেবেলায় মৃত্যু হয় বছর ৫৮-র ওই প্রৌঢ়ের। মুম্বইয়ের সিওন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এরপর আক্রান্ত হন বৃহন্মুম্বই পুরসভার এক সাফাই কর্মী। তাঁর পোস্টিং ছিল ধারাভি এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ধারাভিতে করোনা আক্রান্ত হন বছর ৩৫-এর ডাক্তার। এরপর শনিবার আক্রান্ত হয়েছেন আরও দু'জন।
এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে একজনের। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে এই এলাকায় একবার সংক্রমণ ঢুকে পড়ল তা ছড়াতে বেশি সময় সময় লাগবে না। হু হু করে বাড়বে আক্রান্তের সংখ্যা। গোষ্ঠী সংক্রমণের নিকৃষ্ট রূপ দেখতে হতে পারে গোটা দেশকে। ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫-এ পৌঁছনোর পর তাই অজানা আশঙ্কায় আতঙ্কে রয়েছেন মুম্বইবাসী।
ধারাভিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ৫৬ বছরের এক কাপড়ের ব্যবসায়ীর। তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানা যায়, ধারাভিতেই তাঁদের আর একটি বাড়িতে গত ২২ থেকে ২৪ মার্চ তবলিঘ-ই-জামাতের ১০ সদস্য এসেছিলেন। তাঁরা প্রত্যেকেই কেরল থেকে এসেছিলেন। কেরল ফিরে যাওয়ার আগে তাঁদের মধ্যে চারজন ওই ব্যক্তির বাড়িতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে।