এই উদ্যোগ শুধু অভিযোগ নিষ্পত্তিতেই সীমাবদ্ধ নয়, কল সেন্টারে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্টও তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধ করা যায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 October 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের রেশন পরিষেবাকে (Ration) আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে বড় পদক্ষেপ নিচ্ছে খাদ্য দফতর (Food Dept)। এবার রেশন ও ধান বিক্রি সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে চালু হতে চলেছে একটি কল সেন্টার (Call Centre)।
দফতর সূত্রে জানা গেছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে রেশনগ্রাহক (Ration Customer) থেকে শুরু করে ধান বিক্রয়কারী কৃষক - সবাই সহজেই নিজেদের অভিযোগ বা সমস্যা জানাতে পারবেন এবং সমাধানের অগ্রগতি সম্পর্কেও নিয়মিত তথ্য পাবেন।
খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগের জন্য একটি নির্দিষ্ট টিকিট নম্বর (Ticket Number) দেওয়া হবে, যার সাহায্যে অভিযোগকারী জানতে পারবেন তাঁর বিষয়টি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।
ফোন ছাড়াও নাগরিকরা এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। নির্ধারিত হেল্পলাইন নম্বরগুলি হল—১৯৬৭, ১৪৪৪৫ এবং ১৮০০৩৪৫৫৫০৫।
তবে এই উদ্যোগ শুধু অভিযোগ নিষ্পত্তিতেই সীমাবদ্ধ নয়, কল সেন্টারে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্টও তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধ করা যায়।
জানা গেছে, কল সেন্টারটি সপ্তাহে সাত দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টা পরিষেবা দেবে। অভিযোগ জানানো যাবে বাংলা, ইংরেজি ও হিন্দি - এই তিন ভাষাতেই। ফলে রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও সমানভাবে সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
দফতর সূত্রের দাবি, রেশনগ্রাহক যেমন তাঁদের পরিষেবা সংক্রান্ত অভিযোগ তুলতে পারবেন, তেমনই কৃষকরাও ধান বিক্রয়ের সমস্যার বিষয়ে সরাসরি খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নতুন এই ব্যবস্থা চালু হলে রাজ্যের রেশন পরিষেবা আরও কার্যকর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব হয়ে উঠবে বলে মনে করছেন দফতরের কর্তারা।