এ প্রক্রিয়ায় ১২টি রাজ্যের প্রায় ৫ লক্ষ BLO বসবেন প্রায় ১২ লক্ষ BLA-র সঙ্গে। বুথে বুথে বৈঠক করে তাঁদের হাতে ASD তালিকা তুলে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন BLO-দের যাচাই–বাছাই সহজ হবে

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 December 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা আরও নির্ভুল করতে বড় পদক্ষেপ করছে কমিশন। এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই বিহারের নজির অনুসরণ করে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান SIR (Special Summary Revision) প্রক্রিয়ায় বুথভিত্তিক ASD (Absent, Shifted, Dead/Duplicate) তালিকা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (BLA) হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কমিশন।
নতুন নিয়ম অনুযায়ী, বুথ–স্তরে চিহ্নিত এমন ভোটারদের তালিকা—যারা অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছেন এবং যাদের সঙ্গে BLO-রা তিনবার বা তার বেশি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি, সেই তালিকা এবার সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট BLAদের হাতে পৌঁছবে।

কমিশন জানিয়েছে, এ প্রক্রিয়ায় ১২টি রাজ্যের প্রায় ৫ লক্ষ BLO বসবেন প্রায় ১২ লক্ষ BLA-র সঙ্গে। বুথে বুথে বৈঠক করে তাঁদের হাতে ASD তালিকা তুলে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন BLO-দের যাচাই–বাছাই সহজ হবে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষেও স্পষ্ট ধারণা তৈরি হবে—কোন বুথে কতজন ‘অদৃশ্য’, ‘স্থানান্তরিত’ বা ‘মৃত’ ভোটার রয়েছেন।
কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিটি বুথ, বিধানসভা ও জেলার ASD তালিকা পাওয়া যাবে— প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক/জেলাশাসকের ওয়েবসাইটে, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইটে। এমনকী EPIC নম্বর দিয়ে সার্চ করেও ASD তালিকা দেখা যাবে।
মূলত বুথস্তরে নির্ভুল ভোটার তালিকা তৈরিই এই অভিযানের লক্ষ্য। নির্বাচন কমিশনের মতে, ASD তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে নিলে ভূয়ো ভোটার বা মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। ওয়াকিবহাল মহলের মতে, ভোটার তালিকা সংস্কারের এ এক নজিরবিহীন, স্বচ্ছতামূলক উদ্যোগ।