মঙ্গলবার ওড়িশা থেকে মাঝি সরকারের এক নেত্রী এসে গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। অভিযোগ, ওই নেত্রী SIR ফর্ম পূরণ না করার জন্য ফের গ্রামবাসীদের প্ররোচিত করেছেন।

শেষ আপডেট: 10 December 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জঙ্গলমহলে SIR জট যেন কিছুতেই কাটছে না। বরং SIR এর সময়সীমা যত শেষ হয়ে আসছে ততই ঘোরালো হচ্ছে পরিস্থিতি। হাতে মাত্র আর দু'দিন। কিন্তু অন্ত:রাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে SIR ফর্ম পূরণ না করার সিদ্ধান্তে এখনও অনড় বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের একাধিক গ্রামে বসবাসকারী জনজাতির মানুষজনের একাংশ।
জনজাতিদের একাধিক সামাজিক সংগঠন বিষয়টি নিয়ে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার ওড়িশা থেকে মাঝি সরকারের এক নেত্রী এসে গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে ওই নেত্রী SIR ফর্ম পূরণ না করার জন্য ফের গ্রামবাসীদের প্ররোচিত করেছেন বলে অভিযোগ।
রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হতেই এই প্রক্রিয়া ঘিরে জলঘোলা শুরু হয় বাঁকুড়ার রানিবাঁধ ব্লকে। মুচিকাটা ও ভেদুয়াশোল গ্রামের মোট ৭৯ জন গ্রামবাসী অন্তঃরাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকার এর প্রতি আনুগত্য প্রকাশ করে SIR ফর্ম পূরণে অসম্মতির কথা জানান। তাঁদের দাবি এদেশের জল,জঙ্গল ও জমির একমাত্র মালিক তাঁরা। তাই তাঁদের ক্ষেত্রে SIR এর ফর্ম পূরণ করে নাগরিকত্ব প্রমাণের দায় নেই। নিজেদের আধার কার্ড ও ভোটার কার্ড সমর্পণ করার কথাও ঘোষণা করেন তাঁরা। আর এতেই সিঁদূরে মেঘ দেখতে শুরু করে প্রশাসন।
কে বা কারা ভুল বুঝিয়ে আদিবাসীদের ওই অংশকে প্ররোচনা দিচ্ছে তা জানতে তদন্তে নেমে পুলিশ ওড়িশার ময়ুরভঞ্জ, বাঁকুড়ার বারিকুল ও হুগলির পান্ডুয়া থেকে মোট ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে মামলা রুজু করে পুলিশ। ময়দানে নামে আদিবাসীদের একাধিক সামাজিক সংগঠন। ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী একতা মঞ্চ, সারা ভারত লেখক সংগঠন সহ একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা গতকাল গ্রামগুলিতে গিয়ে গ্রামবাসীদের SIR এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে গ্রামবাসীদের বরফ গলা তো দুরস্ত ওই প্রতিনিধিদের সঙ্গে আলোচনাতেই বসতে চাননি গ্রামবাসীরা। এই ঘটনায় কার্যত হতাশ ওই সংগঠনগুলির নেতৃত্ব।
মঙ্গলবার বিকেলে ওড়িশা থেকে গীতা মুর্মু নামের এক মহিলা ওই গ্রামগুলিতে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন। গীতা মুর্মু নিজেকে অন্ত:রাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকারের মহিলা নেত্রী হিসাবে দাবি করেন। তিনি বৈঠক করে আদিবাসীদের ওই অংশকে পুনরায় অন্ত:রাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকার সম্পর্কে বুঝিয়ে ও তার প্রতি আনুগত্য প্রকাশ করে SIR প্রত্যাখ্যান করার জন্য প্ররোচিত করেছেন বলে অভিযোগ। বৈঠক শেষে গীতা মুর্মু মাঝি সরকারের প্রতিনিধিদের গ্রেফতারের তীব্র নিন্দা করেন বলে জানা গেছে।