
সন্দীপের জন্য জেলে বাড়তি সিসিটিভি ক্যামেরা
শেষ আপডেট: 11 September 2024 20:14
দ্য় ওয়াল ব্যুরো: পয়লা বাইশ ওয়ার্ডে সারাক্ষণ সিসি ক্য়ামেরার নজরদারিতেই থাকবেন সন্দীপ ঘোষ। তাই তিনি প্রেসিডেন্সি জেলের এই সেলে আসার পর নজরদারির জন্য আরও কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জেলসূত্রে জানা গেছে। তাঁর সেলের সামনে মোতায়েন করা হয়েছে দুজন কারারক্ষীও।
আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগে ২ সেপ্টেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে দশদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে ছিলেন তিনি। মঙ্গলবার আদালতে তোলা হলে আর হেফাজতে চেয়ে আবেদন জানায়নি সিবিআই। তাই ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় ধৃত সন্দীপ ঘোষ-সহ চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরেই তাঁদের নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। আগে থেকেই আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রাইও রয়েছে প্রেসিডেন্সি জেলে।
বুধবার জেলে সন্দীপ ঘোষের দ্বিতীয় রাত কাটবে। জানা গেছে, সকাল থেকে দু-বার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তাঁর। ডাক্তাররা জানান, একেবারেই সুস্থ রয়েছেন তিনি। নিয়মমতো খাবারও খেয়েছেন। প্রেসিডেন্সি জেলের এই পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের অন্য সেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর সঞ্জয় রাই।
সন্দীপের সঙ্গে এই মামলায় ধৃত বাকি তিনজন অর্থাৎ বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের ২৩/৪৪ নম্বর ওয়ার্ডে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ আনেন। তারপরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই।