
শেষ আপডেট: 13 July 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: নয়া ঠিকানা পেতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউজ (New address for old coffee house)। কলেজস্ট্রিট, যাদবপুর এবং শ্রীরামপুরের পর এবার স্মৃতিমাখা কফিহাউজ ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। নানা ধরনের কফির পাশাপাশি চিকেন স্যান্ডুইজ, কবিরাজি, চিকেন ওমলেট, ফিস ফ্রাই সবই মিলবে এই নয়া ঠিকানায়।


কফি হাউস, বই পাড়ার মাঝে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন ইতিহাস। কলকাতার অ্যালবার্ট হল রূপান্তরিত হয় অধুনা কফি হাউসে। সেই সময়ের অ্যালবার্ট হল হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের গর্ভগৃহ, রাজনৈতিক মতাদর্শগত বিতর্কের কেন্দ্র, নকশাল আন্দোলন, লিটল ম্যাগাজিন, কবি-সাহিত্যিকদের মেধাবী উপস্থিতি তৈরি করে দিয়েছিল কফি হাউজের নিজস্ব ঘরাণা। ইনফিউশনের কাপে চুমুক দিতে দিতে দুরন্ত সৃজনশীল মন নির্মাণ করেছে বহু অবিস্মরণীয় সৃষ্টি। সঙ্গী থেকেছে কখনও পকোরা, টোস্ট, কবিরাজি, চিকেন-অমলেট থেকে মোগলাই। রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় সহ অমর্ত্য সেন সকলেরই মেধাচর্চার স্মৃতি ধরে রেখেছে এই কফিহাউস।


কোভিডের ঝড়-ঝাপ্টা সামলে সকলের প্রিয় কফিহাউস এখনও স্বমহিমায় রয়ে গেছে। উত্তরের মত এবার ইনফিউশনের স্বাদ পেতে চলেছে ডায়মণ্ড হারবারও। কলেজ স্ট্রিট কফি হাউসের মতোই কফির গন্ধে হয়ত উজ্জীবিত হবে নতুন প্রজন্মের সংবেদনশীল মন। ৩৫০০ বর্গফুটের আধুনিক ধাঁচের এই কফি হাউসে এসি এবং নন-এসি দুইয়েরই ব্যবস্থা থাকছে। কলকাতা কফি হাউসের মতো সাদা পাগড়ি পরা ওয়েটারদের একইরকম ভাবে খাবার পরিবেশন করতে দেখা যাবে এখানেও।
গত ৬ই জুলাই ডায়মন্ড হারবারে এই কফি হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অতিথির আসনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক শ্রী অমর মিত্র, প্রখ্যাত কবি শ্রী মৃদুল দাশগুপ্ত, স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা শ্রীমতী সুদেষ্ণা রায়, অধ্যাপিকা শ্রীমতী অনন্যা চক্রবর্তী, বিশিষ্ট লেখক শ্রী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, নাট্যকার শ্রী দেবপ্রসাদ মণ্ডল, কবি ও সমাজকর্মী শ্রী প্রসূন ভৌমিক, ও অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল কবি-সাহিত্যিকদের কবিতাপাঠ, গল্প সঙ্গে বাংলা ব্যান্ড সহজ মানুষের গান।

কবি, সমাজকর্মী এবং কফি হাউস সমবায় সমিতির উপদেষ্টা প্রসূন ভৌমিক বলেন, "বিস্তৃত হলঘর, চারপাশে কলরব, সাদা পাগড়ি আর জামায় মোড়া ওয়েটার এবং গরম কফি— ঐতিহাসিক কফি হাউসের দৃশ্যপট। আসলে কলেজস্ট্রিটের কফি হাউস আমাদের স্মৃতি, আমাদের সংস্কৃতি এবং আমাদের আত্মার সাথে জড়িয়ে আছে। ছাত্রজীবনে এখানে আসতে শুরু করি। এটি আমাদের লিটল ম্যাগাজিন 'বিজল্প'র জন্মস্থান। আমি মনে করি, আইকনিক কফি হাউসের পদাঙ্ক প্রসারিত করার সিদ্ধান্তটি খুবই বিচক্ষণ। কফি সংস্কৃতি শহর জুড়ে ছড়িয়ে পড়ছে। তাই ডায়মন্ড হারবারের গঙ্গার তীরে নতুন কফি হাউজ রাজ্যের পর্যটনকে বাড়িয়ে তুলবে বলে আমি মনে করি।“
কলকাতার ৩ রাস্তা হবে ফুড স্ট্রিট, ফিশফ্রাই, কাটলেট থেকে ফুচকা, ভেলপুরী-- জমিয়ে খাওয়াদাওয়া