
শেষ আপডেট: 23 January 2023 09:02
দ্য ওয়াল ব্যুরো: সুভাষচন্দ্র বসু (Netaji) এবং আরএসএসের (RSS) লক্ষ্য অভিন্ন। অনন্য, মহান ভারতের স্বপ্ন দেখতেন ভারত মাতার এই বীর সন্তান। আরএসএস সেই ভারতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।
সোমবার শহিদ মিনার ময়দানে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের সভায় সঙ্ঘ প্রধান (Sangh chief) বলেন, আমাদের পথ আলাদা হলেও লক্ষ্য অভিন্ন। সুভাষবাবু শুধু দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেননি, এক মহান ভারত গড়ে তোলা ছিল তাঁর স্বপ্ন। আরএসএস নেতাজির লক্ষ্যপূরণে তাঁর আদর্শ অনুসরণ করে চলছে।
সঙ্ঘ পরিবারের কর্তার এই কথার সঙ্গে অনেকেই একমত নন। জার্মানবাসী নেতাজি কন্যা অনিতা পাফ অতীতে একাধিকবার হিন্দুত্ববাদীদের সুভাষকে কুক্ষিগত করার বিরুদ্ধে সরব হয়েছেন। এবারও বাবার জন্মজয়ন্তী উপলক্ষে লিখিত বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন নেতাজির যে কোনও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকার কথা। তিনি নাৎসি জার্মানির সাহায্য চেয়েছিলেন স্রেফ দেশের স্বার্থে, বলেছেন অনিতা।
ভাগবত এদিন অবশ্য নতুন কথা বলেননি। বিগত কয়েক বছর যাবত সঙ্ঘ পরিবার সুভাষ বসুর অবদানকে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
নেতাজি অনুগামীদের অনেকেই মনে করেন, সুভাষচন্দ্র বসুর সঙ্গে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুদের রাজনৈতিক বিরোধকে তুলে ধরতেই এই স্বাধীনতা সংগ্রামীর অবদানকে আলাদা করে স্মরণ করছে গেরুয়া শিবির।বাংলার মন ছোঁয়াও লক্ষ্য সঙ্ঘ পরিবারের।
ভগবত আজ বলেন, সুভাষচন্দ্র বসু যে মহান ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা আজও অর্জিত হয়নি। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ভারতকে বিশ্বশ্রেষ্ঠ করে তোলার লড়াই চালিয়ে যেতে হবে।